চোট আক্রান্ত সাকিবের পরিবর্তে কপাল খুললো হাসানের

শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের শেষ ওয়ানডেতে সোমবার মাঠে নামবে বাংলাদেশ। তার আগে চোটের কারণে শ্রীলঙ্কা সিরিজ থেকে ছিটকে গেছেন পেসার তানজিম হাসান সাকিন। তার পরিবর্তে হাসান মাহমুদকে শেষ ওয়ানডের স্কোয়াডে অন্তর্ভুক্ত করা হয়েছে।

চ্ট্টগ্রামে রোববার অনুশীলনের সময় হ্যামস্ট্রিংয়ের চোট পান সাকিব। ফলে হাসানকে দলে ডাকা হয়েছে ওয়ানডে স্কোয়াডে। দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

তরুণ পেসার সাকিবের চোট নিয়ে বিসিবির ফিজিও বায়েজিদুল ইসলাম বলেন, ‘তানজিম হাসান সাকিব তার ডান পায়ে হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছে। যে কারণে অনুশীলন করতে পারেনি এবং সোমবার শেষ ম্যাচ খেলার জন্য যথেষ্ট ফিট না।’

চলতি সিরিজের প্রথম ম্যাচে দুর্দান্ত বোলিং করেছিলেন ডান হাতি এই পেসার। প্রথম ওয়ানডেতে ৩ উইকেট শিকার করে দলের জয়ে বড় অবদান ছিল তার। সবমিলিয়ে সিরিজে ২ ম্যাচ খেলে নিয়েছেন ৪ উইকেট। তিন ম্যাচের সিরিজে ১-১ এ সমতা বিরাজ করছে। সোমবার (১৮ মার্চ) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অঘোষিত ফাইনালে মুখোমুখি হবে বাংলাদেশ ও শ্রীলঙ্কা।

Exit mobile version