চ্যাম্পিয়ন্স লিগ : বিতর্কিত পেনাল্টি গোলে হার এড়াল পিএসজি

বিতর্কিত পেনাল্টির সুবাদে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে নিজেদেরকে লক্ষ্যের পথে ধরে রেখেছে প্যারিস সেন্ট জার্মেই। মঙ্গলবার রাতে নিজেদের মাঠের খেলায় তারা ইংলিশ প্রিমিয়ার লিগের দল নিউক্যাসল ইউনাইটেডের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে। ফলে তাদের ভাণ্ডারে মূল্যবান এক পয়েন্ট যোগ হয়েছে।

ড্র-র ফলে  ‘এফ’ গ্রুপে দ্বিতীয় স্থানে রয়েছে পিএসজি। পাঁচ ম্যাচ শেষে তাদের পয়েন্ট ৭। বরুশিয়া ডর্টমুন্ড সমান ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে। আর নিউক্যাসল ইউনাইটেডের অবস্থান তিন নম্বরে।  ৫ পয়েন্ট তাদের। গ্রুপের অপর দল এসি মিলানের পয়েন্টও ৫।

নিজেদের মাঠে খেলা হলে নিউক্যাসল পিএসজির জন্য বারবার হুমকি দিয়ে দাঁড়াচ্ছিল। শুধু তাই নয়, সফরকারী দল তো জয়ই দেখতে পাচ্ছিল। ২৪ মিনিটে আলেক্সান্ডার ইশাকের গোলে নিউক্যাসল যে এগিয়ে গিয়েছিল তা থেকে সমতা আনা পিএসজির জন্য দুঃসাধ্য হয়ে পড়েছিল। শেষ পর্যন্ত ৯৮ মিনিটে বিতর্কিত পেনাল্টি থেকে কিলিয়ান এমবাপে গোল করে দলকে হার এড়াতে সহায়তা করেন।

বল নিউক্যাসলের টিননো লিভরামেন্তোর বুকে লাগার পর কুনইতে আঘাত করলে পিএসজির খেলোয়াড়রা পেনাল্টি দাবিতে শোরগোল তোলে। রেফারি ভিএআর চেক করে পেনাল্টির নির্দেশ দেন। এমবাপে ঠাণ্ডা মাথায় গোল করে দলকে বড় বিপদ থেকে রক্ষা করেন। এ গোলের ফলে গ্রুপ পর্ব থেকে বাদ পড়ার একটা শঙ্কা থেকে সাময়িকভাবে রক্ষা পেয়েছে পিএসজি। ২০০৪-০৫ মৌসুমের পর পিএসজির সামনে এমন শঙ্কা তৈরি হয়েছে।

গ্রুপ পর্বের শেষ ম্যাচে পিএসজির প্রতিপক্ষ শীর্ষে থাকা বরুশিয়া ডর্টমন্ড। পিএসজির জন্য এটি এক কঠিন পরীক্ষা। কেননা এ ম্যাচটা তাদেরকে বরুশিয়া ডর্টমুন্ডের মাঠে খেলতে হবে। যা তাদের জন্য মোটেও স্বস্তিদায়ক নয়। যদিও বরুশিয়ার বিপক্ষে প্রথম লেগের লড়াই তাদের জন্য বেশ স্বস্তিদায়ক। নিজেদের মাঠে প্রথম লেগের খেলায় ২-০ গোলে জয় পেয়েছিল পিএসজি।

Exit mobile version