অসদাচরণের কারণে চ্যাম্পিয়ন্স লিগে এক ম্যাচের জন্য নিষিদ্ধ হলেন বার্সেলোনা কোচ হান্সি ফ্লিক। একই শাস্তি পেয়েছেন তার সহকারী কোচ মার্কাস জর্গও। ইউরোপিয়ান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা শুক্রবার এক বিবৃতিতে এই সিদ্ধান্তের কথা জানায়। ফ্লিক ও জর্গ— দুজনকেই ২০ হাজার ইউরো করে জরিমানা করা হয়েছে।
ঘটনাটি ঘটেছিল গত মে মাসে, চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের দ্বিতীয় লেগে ইন্টার মিলানের মাঠে। ম্যাচে ৪-৩ গোলে হেরে বিদায় নেয় বার্সেলোনা। ওই ম্যাচে রেফারির একাধিক সিদ্ধান্তে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছিলেন জার্মান কোচ ফ্লিক, যার ফলেই এই শাস্তি। এর ফলে আসন্ন মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগের প্রথম ম্যাচে ডাগআউটে দেখা যাবে না ফ্লিক ও জর্গকে।
শুধু কোচিং স্টাফই নয়, শাস্তি পেয়েছেন বার্সেলোনার দুই ফরোয়ার্ড লামিনে ইয়ামাল ও রবার্ট লেভানদোস্কিও। অ্যান্টি-ডোপিং কর্মকর্তার নির্দেশ অমান্য করায় তাদের প্রত্যেককে ৫ হাজার ইউরো করে জরিমানা করা হয়েছে।
এছাড়া, সমর্থকদের আচরণের জন্যও গুনতে হচ্ছে জরিমানা। মাঠে বস্তু নিক্ষেপের কারণে বার্সেলোনাকে জরিমানা করা হয়েছে ৫ হাজার ২৫০ ইউরো এবং ম্যাচ চলাকালে আতশবাজি জ্বালানোর জন্য আরও ২ হাজার ৫০০ ইউরো।
ইন্টার মিলানও ছাড় পায়নি। তাদের সমর্থকরা জনসাধারণের চলাচলে বাধা দেওয়ায় ক্লাবটিকে ২২ হাজার ইউরো এবং আতশবাজি জ্বালানোর ঘটনায় আরও ১১ হাজার ৫০০ ইউরো জরিমানা করেছে উয়েফা।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩


















