দক্ষিণ আফ্রিকায় বর্তমান চ্যাম্পিয়ন ভারতের বিপক্ষে ম্যাচ দিয়েই শুরু হচ্ছে অনূর্ধ্ব-১৯ যুব বিশ্বকাপে বাংলাদেশ দলের মিশন। ব্লুমফন্টেইনে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ২ টায়।
অনুর্ধ্ব-১৯ যুব বিশ্বকাপের আসর শুরু হয়েছে গতকাল। তবে আজ শুরু হচ্ছে বাংলাদেশের মিশন। প্রথম ম্যাচেই বাংলাদেশ মুখোমুখি হচ্ছে বর্তমান চ্যাম্পিয়ন ভারতের। যুব এশিয়া কাপে এই ভারতকে হারিয়ে ফাইনালে উঠেছিল বাংলাদেশ। এরপর ফাইনালে সংযুক্ত আরব আমিরাতকে হারিয়ে শিরোপা জিতে তারা।
২০১৯ সালে দক্ষিণ আফ্রিকাতেই যুব বিশ্বকাপের শিরোপা জিতেছিলো বাংলাদেশ। সেই আফ্রিকাতেই হচ্ছে এবারের বিশ্বকাপ। স্বাভাবিকভাবেই বাংলাদেশের জন্য দক্ষিণ আফ্রিকাকে সৌভাগ্যের প্রতীক হিসেবে ধরা যায়। তাছাড়া বর্তমান দলটার সাম্প্রতিক পারফরম্যান্সও আশা যোগাচ্ছে।
যুব এশিয়া কাপ জয়ী ১৫ জনের দলটাই রয়েছে এই দলে। স্বপ্নের সোনালি বিশ্বকাপটাই লক্ষ্য তাদের।ভারত কখনো সহজ প্রতিপক্ষ নয়। বিশেষ করে ছোটদের বিশ্বকাপে। টুর্নামেন্টে সবচেয়ে সফল দল তারা। পাঁচবার এই আসরের চ্যাম্পিয়ন তারা। এর মধ্যে গত আট আসরে চারবার শিরোপা জয় করেছে। ফলে বাংলাদেশের বিপক্ষে তারা যে নিজেদের উজাড় করে দেবে এটাই স্বাভাবিক।
ফল্যের জন্য টুর্নামেন্টে ভালো সূচনা জরুরি। তাই এই ম্যাচ জিতেই আসর শুরু করতে চান অধিনায়ক রাব্বি। নিজেদের প্রস্তুতি নিয়ে রাব্বি বলেন, ‘আমরা তিনটা প্রস্তুতি ম্যাচ খেলেছি। তিনটা ম্যাচই আমাদের ভালো হয়েছে। ভারতের বিপক্ষে আমাদের প্রথম ম্যাচ। সবাই আমাদের জন্য দোয়া করবেন। এশিয়া কাপ নিয়ে আমরা ভাবছি না।’
‘এশিয়া কাপ আরও আগেই চলে গিয়েছে। আমার মনেও নেই কবে চ্যাম্পিয়ন হয়েছি। গত ম্যাচ নিয়ে ভাবছি না। পরের ম্যাচটি নিয়ে ভাবছি। বিশ্বকাপে আমরা ম্যাচ বাই ম্যাচ এগিয়ে যেতে চাই।’
ভারত ছাড়াও গ্রুপে বাংলাদেশের বাকি দুই প্রতিপক্ষ আয়ারল্যান্ড এবং যুক্তরাষ্ট্র। এই দুটো দলকেও হালকাভাবে নিচ্ছেন না রাব্বি। আসরে যত কম ভুল করা যায়, ততই মঙ্গল বলে মনে করছেন বাংলাদেশের অধিনায়ক।
রাব্বি আরও বলেন, ‘আমাদের গ্রুপে আয়ারল্যান্ড এবং যুক্তরাষ্ট্রও আছে। ওরাও ভালো দল। এই মুহূর্তে ভালো ক্রিকেট খেলছে। আমরা ওদের সমীহ করছি। যত কম ভুল করে টুর্নামেন্টে এগিয়ে যাওয়া যায় আরকি।’
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩




















