কিংস্টনে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে জয় দিয়ে শুরু করেছে সফরকারী অস্ট্রেলিয়া। প্রথম ম্যাচে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজকে ৩ উইকেটে হারিয়েছে মিচেল মার্শের দল। ১৯০ রানের লক্ষ্য অজিরা পেরিয়ে যায় ৭ বল হাতে রেখেই।
প্রথমে টস হেরে ব্যাটিংয়ে নেমে ভালো সূচনা করেন ওয়েস্ট ইন্ডিজের দুই ওপেনার ব্র্যান্ডন কিং ও অধিনায়ক শাই হোপ। তবে দলীয় ৩২ রানে সময় ব্যক্তিগত ১৮ রান করে আউট হন ব্র্যান্ডন কিং। এরপর রোস্টন চেজের সঙ্গে মিলে হোপ গড়েন ৯১ রানের জুটি। ৩২ বলে ৯ চার ও ২ ছক্কায় ৬০ রান করে ফিরেন চেজ। হোপ করেন ৩৯ বলে ৫৫ রান। তার সেই ইনিংসে ছিল ৪টি চার ও ৩টি ছক্কা।
শেষদিকে বড় রান করতে না পারলেও নির্ধারিত ২০ ওভারে ক্যারিবিয়ানরা তোলে ৮ উইকেটে ১৮৯ রান। অস্ট্রেলিয়ার হয়ে বল হাতে সবচেয়ে সফল বেন ডরশুইস, নেন ৪ উইকেট।
জবাবে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি অস্ট্রেলিয়ার। ইনিংসের শুরুতেই ১২ রানের মধ্যে ফেরেন ওপেনার জ্যাক ফ্রেজার। অধিনায়ক মার্শও ২৪ রানে বিদায় নেন। তবে মিডল অর্ডারে বিধ্বংসী ব্যাটিং করেন ক্যামেরুন গ্রিন। মাত্র ২৬ বলে ২ চার ও ৫ ছক্কায় ৫৫ রানের ঝড়ো ইনিংস খেলেন তিনি।
শেষদিকে অভিষেক ম্যাচেই আলো ছড়ান মিচেল ওয়েন। ২৭ বলে ফিফটি করে দলের জয় নিশ্চিত করেন তিনি। শেষ পর্যন্ত ৩ উইকেট হাতে রেখে জয় পায় অস্ট্রেলিয়া।
ওয়েস্ট ইন্ডিজের পক্ষে জেসন হোল্ডার, গুডাকেশ মতি ও আলজারি জোসেফ সমান ২টি করে উইকেট নেন। সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে অস্ট্রেলিয়া। আগামী বুধবার (২৩ জুলাই) ভোর ৬টায় অনুষ্ঠিত হবে সিরিজের দ্বিতীয় ম্যাচ। ওয়েস্ট ইন্ডিস চাইবে পরবর্তী ম্যাচ জিতে সিরিজে সমতা আনতে কিন্তু মিচেল মার্শের অস্ট্রেলিয়া চাইবে পরবর্তী ম্যাচ জিতে ২-০ তে এগিয়ে যেতে।
