দীর্ঘ বিরতির পর আবারও বাইশগজে ফিরেছেন জিম্বাবুয়ের সাবেক অধিনায়ক গ্রায়েম ক্রিমার। গলফে পেশা পরিবর্তন ও সংযুক্ত আরব আমিরাতে স্থায়ী হওয়ার চেষ্টা করেও শেষ পর্যন্ত ক্রিকেটেই ফিরেছেন ৩৮ বছর বয়সী এই লেগ স্পিনার। এবার ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত পারফরম্যান্সে ফের জাতীয় দলের বিবেচনায় আসছেন তিনি।
২০১৬ থেকে ২০১৮ সাল পর্যন্ত জিম্বাবুয়ের নেতৃত্বে থাকা ক্রিমার ২০১৮ সালের মার্চে শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছিলেন। এরপর তিনি পরিবারসহ দুবাই পাড়ি জমান, যেখানে তার স্ত্রী এয়ার পাইলট হিসেবে কর্মরত। গলফে মনোযোগী হলেও সম্প্রতি ন্যাশনাল প্রিমিয়ার লিগে টাকাশিঙ্গা প্যাট্রিয়টস ক্রিকেট ক্লাবের হয়ে মাঠে নামেন। মাত্র দুই ম্যাচেই শীর্ষ উইকেটশিকারী হয়ে নজর কাড়েন তিনি। সর্বশেষ ম্যাচে ৪৩ রানে ৪ উইকেট নিয়ে পুরনো ছন্দের ইঙ্গিত দেন।
ম্যাচ শেষে ক্রিমার বলেন, “আবার ফিরে আসাটা দুর্দান্ত অনুভূতি। টাকাশিঙ্গার মতো একটি সম্মানজনক ক্লাব আমাকে দলে দারুণভাবে গ্রহণ করেছে। শুরুটা দারুণ হয়েছে, আমি খুবই খুশি।” একই ম্যাচে নিষেধাজ্ঞা কাটিয়ে ফেরা ব্রেন্ডন টেলরও খেলেন ৬১ রানের ইনিংস। ক্রিমার তার সম্পর্কে বলেন, “আমি আর ব্রেন্ডন অনেক ঘনিষ্ঠ বন্ধু। আবার তার সঙ্গে মাঠে থাকা দারুণ এক অভিজ্ঞতা। আমরা একসঙ্গে অনেক ক্রিকেট খেলেছি, তাই একে অপরকে বুঝতে সুবিধা হয়।”
ইএসপিএনক্রিকইনফো নিশ্চিত করেছে, ক্রিমার আগামী ২৬ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর জিম্বাবুয়েতে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপ আফ্রিকা আঞ্চলিক বাছাইয়ে সুযোগ পেতে পারেন। এখানে ৮টি দল অংশ নেবে এবং শীর্ষ দুই দল মূল আসরে খেলবে।
ক্রিমার ও টেলরের মতো অভিজ্ঞদের ফেরা প্রমাণ করে, ২০২৬ টি-টোয়েন্টি এবং ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ সামনে রেখে জিম্বাবুয়ে ক্রিকেট এখন দল গোছাতে সর্বোচ্চ মনোযোগ দিচ্ছে।
