জাপান, ইরান ও আরব আমিরাতের সহজ জয়

এশিয়ান কাপ ফুটবল

এশিয়ান কাপ ফুটবলে শুভ সূচনা করেছে জাপান, ইরান ও সংযুক্ত আরব আমিরাত। জাপান ৪-২ গোলে ভিয়েতনামকে, ইরান ৪-১ গোলে প্যালেস্টাইনকে এবং সংযুক্ত আরব আমিরাত ৩-১ গোলে হংকংকে হারিয়েছে।

রোববার আল থুমামা স্টেডিয়ামে অনুষ্ঠিত ‘ডি’ গ্রুপের খেলায় জাপান সহজ জয় পেলেও ভিয়েতনাম তাদের চমকে দিয়েছিল। প্রথমে গোল হজম করলেও এক পর্যায়ে ২-১ গোলে এগিয়ে গিয়েছিলো ভিয়েতনাম। শেষ পর্যন্ত তা আর ধরে রাখতে পারেনি। বরং প্রথমার্ধেই তারা ২-৩ গোলে পিছিয়ে পড়ে। শেষ মুহুর্তে জাপান আরো এক গোল করে জয় তুলে নেয়।

‘সি’ গ্রুপের খেলায় ইরান চমক দেখিয়েছে। এডুকশেন সিটি স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় গোল পেতে ইরানকে মাত্র ৭২ সেকেন্ড অপেক্ষা করতে হয়েছে। করিম আনসারিফার্ড এ গোলটি করেন। এরপর একে একে স্কোরশিটে নাম লেখান শোজা খলিলজাদেহ, মেহদি ঘায়েদি ও সরদার আজমোউন। প্যালেস্টাইনের হয়ে ব্যবধান কমান তামের সিয়াম।

সি গ্রুপের অন্য ম্যাচে আরব আমিরাত ৩-১ গোলে হারিয়েছে হংকংকে। হারলেও হংকং যথেষ্ঠ প্রতিরোধ গড়ে তুলেছিল। এক পর্যায়ে ১-১ গোলে ড্র ছিল ম্যাচে। সুলতান আদিল আলমিরি ৩৪ মিনিটে পেনাল্টি থেকে আরব আমিরাতকে এগিয়ে নিয়েছিলেন। বিরতির পরপরই চান সমতায় ফেরান। তবে তাদের আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি। ৫২ মিনিটে জায়েদ সুলতান আরব আমিরাতকে এগিয়ে নেন। ৯৫ মিনিটে পেনাল্টিতে গোল করে গাসানি দলের জয় নিশ্চিত করেন।

Exit mobile version