জিম্বাবুয়ের বিপক্ষে খেলার জন্য সৌম্য পুরোপুরি ফিট

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলছে বাংলাদেশ। ইতিমধ্যেই প্রথম তিন ম্যাচের তিনটাতেই জিতে সিরিজ নিশ্চিত করে রেখেছে নাজমুল হোসেন শান্তর দল।

ঘরের মাঠে সিরিজ হওয়ায় প্রথম তিন ম্যাচের স্কোয়াডে না থাকলেও দলের সাথেই ছিলেন ওপেনার সৌম্য সরকার। শ্রীলঙ্কা সিরিজ থেকেই চোটের কারণেই মাঠের বাইরে তিনি। তবে শেষ দুই টি-টোয়েন্টির জন্য ঘোষিত স্কোয়াডে ডাক পেয়েছেন সৌম্য।

আগামীকাল মিরপুরে সিরিজের চতুর্থ ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। সেই ম্যাচে মাঠে নামার জন্য সৌম্য পুরোপুরি প্রস্তুত বলে জানিয়েছেন সতীর্থ তাসকিন আহমেদ।

আগামীকালের ম্যাচকে সামনে রেখে আজ সংবাদ সম্মেলনে হাজির হন জাতীয় দলের তারকা পেসার তাসকিন আহমেদ। সেখানে সৌম্যের খেলা নিয়ে তিনি বলেন, ‘সৌম্য ভাই অনেক পরিশ্রম করছে। আমি যতদূর জানি সে এখন খেলার জন্য ফিট। তবে খেলবে কিনা সেটা টিম ম্যানেজমেন্ট জানে।’

Exit mobile version