টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

ওয়ানডে সিরিজ শেষে এবার টি-টোয়েন্টিতে মুখোমুখি বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ। চট্টগ্রামে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে ক্যারিবিয়ান অধিনায়ক শাই হোপ। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সন্ধ‍্যা ছয়টায়।

টি-টোয়েন্টিতে দারুণ সময় কাটানো বাংলাদেশের মনোযোগ ধারাবাহিকতা ধরে রাখার দিকে। টানা চারটি দ্বি-পাক্ষিক সিরিজ জিতে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হচ্ছে তারা। টানা সাত সিরিজ হেরে খেলতে এসেছে ক‍্যারিবিয়ানরা। নিজেদের সবশেষ সিরিজে তারা হেরেছে নেপালের বিপক্ষে।

আফগানিস্তানের বিপক্ষে সবশেষ সিরিজে ৩-০ ব‍্যবধানে জয় পাওয়া দলে ছিলেন না লিটন দাস। নিয়মিত অধিনায়ক ফেরায় শক্তি আরও বেড়েছে বাংলাদেশের। ভারসাম‍্যপূর্ণ একটি দল নিয়ে ক‍্যারিবিয়ানদের মুখোমুখি হচ্ছে তারা।

ব‍্যাট হাতে বাজে সময় কাটানো জাকের আলি বাদ পড়লেন একাদশ থেকে। তার সঙ্গে প্রথম ম‍্যাচের একাদশে নেই পারভেজ হোসেন, শেখ মেহেদি হাসান ও শরিফুল ইসলাম। চোট কাটিয়ে দলে ফেরায় স্বাভাবিকভাবেই একাদশে আছেন নিয়মিত অধিনায়ক লিটন দাস। তার অনুপস্থিতিতেই দলকে নেতৃত্ব দিচ্ছিলেন জাকের।

বাংলাদেশ একাদশ: লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান, সাইফ হাসান, তাওহিদ হৃদয়, শামীম হোসনে, নুরুল হাসান সোহান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, তানজিম হাসান, মুস্তাফিজুর রহমান।

Exit mobile version