ইংলিশ প্রিমিয়ার লিগে হঠাৎ করে পথ হারিয়েছে ম্যানচেস্টার সিটি। একের পর এক ম্যাচে পয়েন্ট হারাচ্ছে সিটিজেনরা। রোববার রাতে অ্যাওয়ে ম্যাচে টটেনহাম হস্পারের সঙ্গে ৩-৩ গোলে ড্র করেছে পেপ গার্দিওলার দল। প্রিমিয়ার লিগে এটা তাদের টানা তৃতীয় ড্র।
আগের দুই ম্যাচে চেলসি ও লিভারপুলের কাছে পয়েন্ট হারিয়েছিল ম্যানচেস্টার সিটি। চেলসির সঙ্গে ৪-৪ গোলে ড্র করার পর লিভারপুলের সঙ্গে ১-১ গোলে খেলা শেষ করেছিল। এ ম্যাচে অবশ্য জয়ের পথে ছিল দলটি। বিশেষ করে ৮১ মিনিটে জ্যাক গ্রিলিশের করা গোলের পর ৩-২ গোলে এগিয়ে গিয়েছিল পেপ গার্দিওলার ছেলেরা। কিন্তু ইনজুরি সময়ে কুলুসেভস্কির গোলে তাদের স্বপ্ন ভঙ্গ হয়।
এ ড্রয়ের ফলে ম্যানসিটি তৃতীয় স্থানে নেমে এসেছে। তাদের সংগ্রহ ৩০ পয়েন্ট। শীর্ষে থাকা আর্সেনালের সঙ্গে তাদের ব্যবধান ৩ পয়েন্টের।
ম্যাচের শুরুতেই ম্যানসিটিকে থমকে দেন টটেনহামের সন হিউং মিন। মাত্র ষষ্ঠ মিনিটে ম্যানসিটির জালে বল পাঠান তিনি। অবশ্য শুরুতে পিছিয়ে পড়ার অস্বস্তিটা বেশিক্ষণ বয়ে বেড়াতে হয়নি সফরকারীদের। মাত্র তিন মিনিট পরই সন হিউং মিনই তাদের উদ্ধার করেন। নিজেদের জালে নিজেই বল জড়িয়ে দেন তিনি। শুধু তাই নয়, দ্রুত ম্যাচে ফিরে ম্যানসিটি স্বাগতিক দলের ওপর চড়ায় হয়। ৩১ মিনিটে হুলিয়ান আলভারেজের কাছ থেকে বল পেয়ে ফিল ফোডেন দলকে এগিয়ে নেন।
প্রথমার্ধে একাধিক গোলের সুযোগ হাতছাড়া হয়েছে ম্যানসিটির। আলভারেজ ও জেরেমি ডোকুর দুটো শট পোস্টে লেগে ফিরে আসে। আর্লিং হালান্ডও একাধিক সুযোগ নষ্ট করেছেন। তবে জিওভানি লো সেলসো সুযোগ ঠিকই কাজে লাগিয়ে টটেনহামকে খেলায় ফিরিয়ে আনেন। তারপর জ্যাক গ্রিলিস ম্যানসিটিকে এগিয়ে নিলেও শেষ পর্যন্ত কুলুসেভস্কির গোলে তাদের হতাশ হতে হয়।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩



















