টি-টোয়েন্টিতে নতুন বিশ্ব রেকর্ড রশিদ খানের

আফগানিস্তান তারকা লেগ স্পিনার ও অধিনায়ক রশিদ খান এবার নতুন রেকর্ড গড়লেন। মঙ্গলবার লন্ডনের লর্ডসে দ্য হান্ড্রেড ২০২৫ আসরের প্রথম ম্যাচেই গড়লেন নতুন এক বিশ্ব রেকর্ড। ওভাল ইনভিনসিবলসের হয়ে মাঠে নেমেই রশিদ বনে গেলেন ইতিহাসের প্রথম ক্রিকেটার যিনি টি-টোয়েন্টিতে ৬৫০ উইকেট শিকার করেছেন।

তিনি মাত্র ২০ বল করে ১১ রানে ৩টি উইকেট নেন। তার শিকার হন ওয়েন ম্যাডসেন, রায়ান হিগিন্স ও লিয়াম ডসন। টি-টোয়েন্টি ক্রিকেটে এখন সর্বোচ্চ উইকেট রশিদের–৬৫১। প্রথম বোলার হিসেবে ছুঁয়েছেন ৬৫০ রানের মাইলফলক। এর পরেই আছেন ডোয়েইন ব্রাভো ৬৩১, সুনীল নারাইন ৫৮৯, ইমরান তাহির ৫৪৭ ও সাকিব আল হাসান ৪৯৮।

ম্যাচের পরে রশিদ বলেন, ‘জয় দিয়ে শুরুটা ভালো হয়েছে। দলের হয়ে ভালো খেলতে পেরে ভালো লাগছে।’ এছাড়া তিনি বলেন, ‘শারীরিক ও মানসিকভাবে প্রস্তুত হতে কিছুটা সময় লেগেছে। গত কয়েক মাসে আমি বল করিনি, তবে গত দশ বছরে যতো ক্রিকেট খেলেছি, তা আমার অনেক কাজে লাগে।’

আফগান অধিনায়ক আরও বলেন,‘পিচে টার্ন ছিল, আমি সঠিক জায়গায় বল করতে চেয়েছি। বৈচিত্র্য আনতে চেয়েছিলাম, তা ভালোই কাজে দিয়েছে। এমন টুর্নামেন্টে অভিজ্ঞতা অনেক সাহায্য করে, যেখানে খেলার গতি খুবই দ্রুত।’

রশিদের দুর্দান্ত বোলিংয়ের সঙ্গে স্যাম কারানও ১৮ রানে ৩ উইকেট নেন। লন্ডন স্পিরিট অলআউট হয়ে যায় মাত্র ৮০ রানে। এরপর সহজেই রান তাড়া করে ম্যাচ জিতে শিরোপা ধরে রাখার লড়াইয়ে দুর্দান্ত সূচনা করে ওভাল ইনভিনসিবলস।

Exit mobile version