টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে লিটন ও জাকেরের উন্নতি

টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে লিটন ও জাকেরের উন্নতি

আইসিসি টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে লিটন ও জাকেরের উন্নতি । ঘরের মাঠে নেদারল্যান্ডসের বিপক্ষে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে লিটন কুমার দাসের পঞ্চাশ ছোঁয়া ইনিংসের প্রতিফলন পড়েছে র‍্যাঙ্কিংয়ে। এই সংস্করণের ব্যাটসম্যানদের মধ্যে ছয় ধাপ এগিয়েছেন বাংলাদেশ অধিনায়ক। উন্নতি হয়েছে জাকের আলিরও।

বুধবার প্রকাশিত পুরুষ ক্রিকেটারদের র‍্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদে টি-টোয়েন্টি ব্যাটসম্যানদের মধ্যে এখন ৪১ নম্বরে আছেন লিটন। তালিকায় বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে তার ওপরে আছেন কেবল তানজিদ হাসান। ৩ ধাপ পিছিয়ে এখন ৩৯ নম্বরে এই ওপেনার।

তিন ম্যাচের টি-টোয়েন্টির সিরিজে ডাচদের ২-০ ব্যবধানে হারানোর পথে ব্যাট হাতে ধারাবাহিক ছিলেন লিটন। প্রথম দুই ম্যাচেই অপরাজিত ছিলেন তিনি। বৃষ্টিতে ভেসে যাওয়া তৃতীয় টি-টোয়েন্টিতে ৭৩ রান করেন স্টাইলিশ এই ব্যাটসম্যান। তার ৪৬ বলের ইনিংসটি গড়া ছিল ৪টি ছক্কা ও ৬টি চারে।

তবে শেষ ম্যাচে একটি করে ছক্কা-চারে ১৩ বলে ২০ রানে অপরাজিত থাকা জাকের আলি এগিয়েছেন তিন ধাপ। তার অবস্থান এখন ৬০তম। ম্যাচটি না খেলেও এক ধাপ উন্নতি করেছেন পারভেজ হোসেন (৬৭তম)। শেষ ম্যাচের একাদশে ছিলেন না মুস্তাফিজুর রহমানও। তবে শ্রীলঙ্কার মাহিশ থিকশানা বোলারদের র‍্যাঙ্কিংয়ে ৩ ধাপ নিচে নেমে যাওয়ায় উন্নতি হয়েছে তার। এক ধাপ এগিয়ে বাঁহাতি এই পেসার আছেন ১১ নম্বরে।

টি-টোয়েন্টি বোলারদের র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশিদের মধ্যে এখন সবার উপরে মুস্তাফিজ। এক ধাপ পিছিয়ে যৌথভাবে ১৯তম স্থানে শেখ মেহেদি হাসান।

রিশাদ হোসেনেরও অবনতি হয়েছে, ৩ ধাপ নিচে নেমে এই লেগ স্পিনার এখন ২৪ নম্বরে। তার পরেই অভিজ্ঞ পেসার তাসকিন আহমেদ। টি-টোয়েন্টি অলরাউন্ডারদের র‍্যাঙ্কিংয়ে প্রথম ৩৮ জনের মধ্যে নেই বাংলাদেশের কেউ। ৩৯ নম্বরে শেখ মেহেদি হাসান।

Exit mobile version