অধিনায়ক তামিম ইকবালের ব্যর্থতার দিনে শাহাদাত-পারভেজের জোড়া সেঞ্চুরিতে জিতেছে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। গতকাল বিকেএসপিতে ব্রাদার্স ইউনিয়নকে ১৬৫ রানে হারায় তারা।
সবশেষ বিপিএলে দারুণ ছন্দে ছিলেন তামিম ইকবাল। তবে টি-টোয়েন্টি থেকে ওয়ানডে ফরম্যাটে ফিরে অচেনা জাতীয় দলের সাবেক এই অধিনায়ক। গতকাল বিকেএসপিতে তামিম ইকবালের ব্যর্থতার দিনে প্রাইম ব্যাংকের হয়ে প্রথমে শাহাদাত ও পরে পারভেজ তুলে নেন সেঞ্চুরি। শাহাদাতের ইনিংসটি ১১৯ রানে থেমে গেলেও পারভেজ দেড়’শ-র ঘরে পৌঁছান।
আবু জায়েদ রাহীর বলে আউট হওয়ার আগে পারভেজ ১২৯ বলে ৯ চার ও ৮ ছক্কায় ১৫১ রান করেন। শাহাদাতের ইনিংসটি সাজানো ছিল ১০ চার ও ৪ ছক্কায়। তামিম তিনে নেমে বেশি একটা সুবিধা করতে পারেননি। ১৫ বলে ১৬ রান করে থামতে হয় তাকে। এছাড়া জাকের আলী হাসান ও শেখ মেহেদী হাসানের ৪৫ রানের সুবাদে ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে ৪ উইকেটে ৩৮০ রান তোলে প্রাইম ব্যাংক।
জবাবে ব্যাট করতে নেমে ৪৯ ওভারে ২১৫ রানে থেমেছে ব্রাদার্স ইউনিয়ন। দলের পক্ষে আব্দুল মজিদ ৫৪, রহমতউল্লাহ আলী ৩৭ ও ইমতিয়াজ হোসেন ৩১ রান করেন। বল হাতে প্রাইম ব্যাংকের পক্ষে নাজমুল ইসলাম অপু ও সানজামুল ইসলাম তিনটি করে উইকেট নেন।
