সাইফুল বারী টিটুর সঙ্গে আরও ছয় মাসের চুক্তি নবায়ন করল বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। আজ (মঙ্গলবার) থেকে কার্যকর এই চুক্তির মেয়াদ চলতি বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত বহাল থাকবে। চলতি বছরের এপ্রিলে করা তিন মাসের চুক্তির মেয়াদ শেষ হওয়ার পরপরই এ নবায়ন কার্যকর করা হয়েছে।
বাফুফের টেকনিক্যাল ডিরেক্টর পদে টিটুর দায়িত্ব শুরু হয়েছিল কাজী সালাউদ্দিনের শেষ বর্ষে। তখন এক বছরের জন্য নিয়োগ পেলেও পরবর্তীতে নতুন সভাপতি তাবিথ আউয়াল সাময়িকভাবে চুক্তি বাড়ান তিন মাস। তবে এই সময়ের মধ্যেও যোগ্য বিদেশি খুঁজে না পাওয়ায় আবারও টিটুকেই দায়িত্বে রাখার সিদ্ধান্ত নেয় টেকনিক্যাল কমিটি—এবারও আনুষ্ঠানিক সভা ছাড়াই।
এদিকে, কিছুদিন আগেই এই পদে ডাচ কোচ লোডভিক ডি ক্রুইফকে নিয়ে গুঞ্জন তৈরি হয়েছিল। যদিও সেটা আপাতত বাস্তবায়িত হয়নি। তবে নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, ডিসেম্বরের মধ্যেই একজন বিদেশি টেকনিক্যাল ডিরেক্টর নিয়োগ দেওয়ার পরিকল্পনায় রয়েছে বাফুফে। সেক্ষেত্রে টিটুকে অন্য পদে সরিয়ে দেওয়ার সম্ভাবনা রয়েছে, যেমন হেড অব কোচিং এডুকেশন।
টিটুর কাজের মূল্যায়নে দেখা যায়, তিনি গত ১৫ মাসে কয়েকটি কোচিং কোর্স এবং একটি বয়সভিত্তিক দলের কোচিংয়ের পাশাপাশি আন্তর্জাতিক সেমিনারে অংশগ্রহণ করেছেন। তবে জাতীয় ফুটবলের কাঠামোগত উন্নয়ন বা দীর্ঘমেয়াদী টেকনিক্যাল রোডম্যাপের দিক থেকে দৃশ্যমান অগ্রগতি খুব একটা নেই।
অন্যদিকে, নিয়োগের বিষয়ে বাফুফের স্বচ্ছতা নিয়েও প্রশ্ন উঠছে। হেড অব একাডেমির মতো গুরুত্বপূর্ণ পদে কোনো নিয়োগ বিজ্ঞপ্তি ছাড়াই নিয়োগ দেওয়া হলেও, এখন তার অধীনেই প্রকাশিত হয়েছে কোচ নিয়োগ বিজ্ঞপ্তি।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩
















