দ্বন্দ্ব মিটিয়ে অধিনায়কত্ব ফিরে পেলেন টের স্টেগেন

বার্সেলোনা ও মার্ক আন্দ্রে টের স্টেগানের মধ্যে এক মাসেরও বেশি সময় ধরে চলা শীতল সম্পর্ক অবশেষে স্বাভাবিক হলো। শৃঙ্খলাভঙ্গের অভিযোগে কেড়ে নেওয়া অধিনায়কত্ব একদিনের ব্যবধানে ফিরে পেয়েছেন এই জার্মান গোলরক্ষক।

সম্প্রতি পিঠের চোট সারাতে অস্ত্রোপচার করান স্টেগেন। লা লিগার নিয়ম অনুযায়ী, কোনো খেলোয়াড় চার মাস বা তার বেশি সময়ের জন্য মাঠের বাইরে থাকলে, মৌসুমের মাঝপথ পর্যন্ত তার বেতনের ৫০ থেকে ৮০ শতাংশ ছাড় পায় ক্লাব, যা নতুন খেলোয়াড় নিবন্ধনে কাজে লাগে।

গত মৌসুমেও চোটের কারণে দীর্ঘদিন অনুপস্থিত ছিলেন তিনি। সেই সময়ে ভয়চেক সেজনি নিয়মিত গোলরক্ষক হয়ে ওঠেন এবং তার পারফরম্যান্সে মুগ্ধ হয়ে নতুন চুক্তি করে বার্সা। পরে দলে যোগ দেন আরেক গোলরক্ষক জোয়ান গার্সিয়াও। ফলে স্টেগেনকে বিক্রির পরিকল্পনা করেছিল কাতালান ক্লাবটি।

তবে বর্তমান চোটের কারণে বিক্রির পরিকল্পনা থেমে যায়। নতুন নিবন্ধনের সুবিধার্থে তার চিকিৎসা সংক্রান্ত নথি লা লিগায় পাঠাতে চেয়েছিল বার্সা, কিন্তু প্রথমে রাজি ছিলেন না স্টেগেন। এ কারণে বৃহস্পতিবার তার নেতৃত্ব কেড়ে নেয় ক্লাব।

পরদিনই অবস্থান বদলান স্টেগেন। বার্সেলোনা এক বিবৃতিতে জানায়, তিনি অস্ত্রোপচারের মেডিকেল রিপোর্ট পাঠানোর অনুমোদনে স্বাক্ষর করেছেন এবং শৃঙ্খলাভঙ্গের অভিযোগ এখানেই শেষ। ফলে তিনি আবার মূল দলের অধিনায়ক হিসেবে ফিরেছেন।

স্টেগেন বলেছেন, তিনি তিন মাসের মধ্যে ফিরবেন-“সাম্প্রতিক সময়ে আমাকে নিয়ে অনেক কথা বলা হয়েছে, যার কিছু সম্পূর্ণ ভিত্তিহীন। তাই সম্মানজনকভাবে কিন্তু স্পষ্টভাবে আমার অবস্থান জানানো জরুরি মনে করেছি। ক্লাবের নতুন খেলোয়াড় আনা বা চুক্তি নবায়নের বিষয়গুলো আমার অস্ত্রোপচারের আগেই ঠিক হয়ে গিয়েছিল।”

Exit mobile version