২৪ আগস্ট প্রথম সাক্ষাতে নেপালকে ৩-০ গোলে হারানো বাংলাদেশের মেয়েরা ফিরতি ম্যাচেও সহজ জয় পেয়েছে। রাজধানী থিম্পুর চাংলিমিথাং স্টেডিয়ামে নেপালকে ৪-১ গোলে হারিয়েছে অর্পিতা বিশ্বাসের দল। প্রথমার্থে ২-১ গোলে এগিয়ে ছিলো মাহবুবুর রহমান লিটুর মেয়েরা। ম্যাচে হ্যাটট্রিক করেছেন বাংলাদেশের ২০ নাম্বার জার্সিধারী সুরভী আকন্দ প্রীতি।

বড় জয় পেলেও প্রথম গোলের জন্য বাংলাদেশকে ৩৮ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে। ১০ নাম্বার জার্সিধারী থৈনু মারমা কোনাকুনি শটে বাংলাদেশকে এগিয়ে দেয়ার সাত মিনিট পর ব্যবধান বাড়ান প্রীতি।
২-০ গোলে এগিয়ে বিরতিতে যাওয়ার সুযোগ ছিলো বাংলাদেশের। কিন্তু রক্ষণের অসতর্কতায় নেপাল এক গোল শোধ করে।
দ্বিতীয়ার্ধে নেপাল ম্যাচে ফেরার চেষ্টা চালালেও সফল হয়নি। উল্টো ৭৬তম মিনিটে ব্যবধান ৩-১ এ নিয়ে যান প্রীতি। কর্ণার থেকে উড়ে আসা বলকে সহজেই নেপালের জালে পাঠিয়ে দেন ফাঁকায় দাঁড়িয়ে থাকা প্রীতি। এর ৯ মিনিট পরই হ্যাটট্রিক পূরণ করেন ২০ নাম্বার জার্সিধারী এই ফুটবলার।

ম্যাচের শেষ দিকে অর্থাৎ মিনিট বিশেকের মতো সময় বৃষ্টির মধ্যে খেলা হয়েছে। বাংলাদেশের কোচ শেষ দিকে গোলরক্ষক ইয়ারজানকে বদলে মেঘলাকে নামান।
স্বাগতিক ভুটান, নেপাল, ভারত ও বাংলাদেশকে নিয়ে চলমান এই টুর্নামেন্টে প্রতিটি দলই দুইবার করে পরষ্পরের মুখোমুখি হবে। পয়েন্ট টেবিলের শীর্ষ দল শিরোপা জয়ের স্বাদ পাবে।
তিন ম্যাচ শেষে ভারত ৯ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে। চার ম্যাচে বাংলাদেশেরও পয়েন্টও ভারতের সমান ৯ পয়েন্ট। শিরোপা জিততে হলে পরবর্তী ম্যাচে ভারতকে হারাতে হবে। যদিও গোল ব্যবধানে ভারতে অনেকটাই ধরা ছোঁয়ার বাইরে।
তিন ম্যাচ শেষে ভারত যেখানে ১৭ গোলের ব্যবধানে এগিয়ে সেখানে বাংলাদেশ এগিয়ে ছয় গোলে।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩




















