দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি আবাহনী-বসুন্ধরা

ফেডারেশন কাপ ফুটবল

ফাইল ছবি।

প্রথম সেমিফাইনাল জিতে শিরোপা ধরে রাখার শেষধাপে মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড। তাদের প্রতিপক্ষ কে হবে সেই প্রশ্নের উত্তর মিলবে আজকের দ্বিতীয় সেমিফাইনাল শেষে। গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে বিকাল তিনটায় ফেডারেশন কাপ ফুটবলের দ্বিতীয় সেমিফাইনালে ঐতিহ্যবাহী আবাহনী লিমিটেডের মুখোমুখি হতে যাচ্ছে এই মুহুর্তে দেশীয় ফুটবলের পরাশক্তি বসুন্ধরা কিংস।

গত বছর কুমিল্লায় আবাহনী-মোহামেডানের জমজমাট ফাইনালে শিরোপা জিতেছিলো মতিঝিল ক্লাব পাড়ার সাদা-কালো জার্সিধারীরা। আজ বসুন্ধরাকে হারাতে পারলে আরও একটা আবাহনী-মোহামেডান দ্বৈরথ দেখতে পাবেন দেশের ফুটবল প্রেমীরা। মোহামেডান প্রাথমিক কাজটা সেরে রেখেছে। বাকিটা পূরণ করার সুযোগ আবাহনীর সামনে।

পেশাদার ফুটবল বাংলাদেশ প্রিমিয়ার লিগে টানা ৫ম শিরোপা জেতা বসুন্ধরা প্রমাণ করেছে দেশের ফুটবলে তারাই এখন শেষকথা। তবে ফেডারেশন কাপ ও স্বাধীনতা কাপ ফুটবলে আবাহনী-মোহামেডান এখনও কিছুটা লড়াই করছে।

গত বছরের ১৮ ডিসেম্বর, চলতি মৌসুমের স্বাধীনতা কাপের ফাইনালে বসুন্ধরার বিপক্ষে দারুণ লড়াই করেছিলো মোহামেডান। এমনকি ম্যাচের ৫১তম মিনিটে তারাই প্রথম গোল করেছিলো যদিও পরের মিনিটেই বসুন্ধরা কিংস সমতায় ফিরেছিলো দেশীয় স্ট্রাইকার রাকিবের গোলে। আর ব্রাজিলীয় রিক্রুট ডরিয়েলটনের করা ৮৬তম মিনিটের গোলে শিরোপা জিতেছিলো বসুন্ধরা।

Exit mobile version