আর্সেনালের সাবেক মিডফিল্ডার ‘থমাস পার্টি’র বিষয়ে ক্লাব সঠিক প্রক্রিয়া অনুসরণ করেছে বলে দাবি করেছেন ম্যানেজার মিকেল আর্তেতা। মিডফিল্ডার পার্টির বিরুদ্ধে একাধিক ধর্ষণের অভিযোগে পুলিশের তদন্ত চলাকালীন আর্সেনাল নিজেদের দায়িত্ব যথাযথভাবেই পালন করেছে বলে শতভাগ নিশ্চিত আর্তেতা।
ঘানার এই মিডফিল্ডারের সাথে গত ৩০ জুন আর্সেনালের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হয়েছে। এরপর মাত্র চার দিন পর, ৪ জুলাই তাকে ধর্ষণের পাঁচটি অভিযোগ ও যৌন নিপীড়নের একটিসহ মোট ছয়টি অভিযোগে অভিযুক্ত করা হয়। মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, ঘটনাগুলো ২০২১ ও ২০২২ সালে ঘটেছে।
পুলিশের বিবৃতি অনুযায়ী, পার্টির বিরুদ্ধে তিনজন নারীর অভিযোগ রয়েছে। এক নারীর অভিযোগের ভিত্তিতে দুইটি ধর্ষণ, দ্বিতীয় নারীর অভিযোগে তিনটি ধর্ষণ এবং তৃতীয় নারীর অভিযোগে যৌন নিপীড়নের একটি মামলা করা হয়েছে। পার্টি তার বিরুদ্ধে ওঠা সব অভিযোগ অস্বীকার করেছেন এবং নিজেকে নির্দোষ প্রমাণ করার সুযোগকে স্বাগত জানিয়েছেন বলে জানিয়েছেন তার আইনজীবী।
২০২২ সালের ফেব্রুয়ারিতে প্রথমবার ধর্ষণের অভিযোগ পায় পুলিশ এবং তখন থেকেই তদন্ত শুরু হয়।
বর্তমানে প্রাক-মৌসুম প্রস্তুতির অংশ হিসেবে সিঙ্গাপুরে রয়েছে আর্সেনাল। সেখানে এসি মিলান ও নিউক্যাসলের মুখোমুখি হওয়ার পর তারা হংকংয়ে টটেনহ্যামের বিপক্ষে খেলবে।
মিলানের বিপক্ষে ম্যাচের আগে সংবাদ সম্মেলনে পার্টির বিষয় নিয়ে প্রশ্ন করা হয় মিকেল আর্তেতাকে। তিনি বলেন, “এই বিষয়ে ক্লাব স্পষ্ট বার্তা দিয়েছে। এখানে অনেক আইনি জটিলতা রয়েছে, যেগুলো নিয়ে আমি বিস্তারিত কিছু বলতে পারি না।”
আরেক প্রশ্নে তাকে জিজ্ঞেস করা হয়, “অনেক সমর্থকের মনে প্রশ্ন রয়েছে, ক্লাব কি পুরো বিষয়টি সঠিকভাবে সামলেছে? আপনি কি নিশ্চিত?”
জবাবে আর্তেতা বলেন, “হ্যাঁ, আমি শতভাগ নিশ্চিত।”
আগামী ৫ আগস্ট ওয়েস্টমিনস্টার ম্যাজিস্ট্রেট কোর্টে হাজিরা দেবেন পার্টি। ২০২০ সালের অক্টোবরে অ্যাথলেটিকো মাদ্রিদ থেকে ৪৫ মিলিয়ন পাউন্ডে আর্সেনালে যোগ দিয়েছিলেন তিনি। গত মৌসুমে প্রিমিয়ার লিগে ৩৫ ম্যাচে মাঠে নেমে চারটি গোল করেছেন এবং চ্যাম্পিয়নস লিগে খেলেছেন ১২ ম্যাচ। পিএসজির কাছে সেমিফাইনালে হেরে শেষ হয় আর্সেনালের ইউরোপিয়ান স্বপ্ন। আসন্ন প্রিমিয়ার লিগ সিজনে শিরোপা জয়ের কথা মাথায় রেখেই মাঠে নামবে আর্সেনাল।
