নতুন ইতিহাস গড়ার লক্ষ্যে মাঠে নামছে বাংলাদেশ

সিলেটে আজ বাংলাদেশের সামনে নিজেদের ক্রিকেট ইতিহাস বদলের হাতছানি। আজ একটি জয় জন্ম দিবে শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টিতে প্রথম সিরিজ জয়ের ইতিহাস। যা হয়নি গেলো ১০ বছরেও।

সিলেটে সিরিজের প্রথম দুইটি ম্যাচই সন্ধ্যা ছয়টায় মাঠে গড়িয়েছে। তবে আজ শেষ ম্যাচটি হবে দিবারাত্রির। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ৩ টায়।

চলতি টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে দলকে জয়ের খুব কাছে নিয়ে গিয়েছিলেন জাকের আলী-মাহমুদুল্লাহ রিয়াদ। ২০৬ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ম্যাচটা তিন রানে হেরে যায় বাংলাদেশ।

অবশ্য দ্বিতীয় ম্যাচে ৮ উইকেটের দাপুটে জয় তুলে নিয়ে সিরিজ সমতায় ফিরেছে নাজমুল হোসেন শান্তর দল। বোলিং কি ব্যাটিং- কোনো জায়গাতেই সেদিন লঙ্কানদের মাথা তুলে দাঁড়াতে দেয়নি স্বাগতিকরা।

আজ শেষ ম্যাচে হাতছানি দিচ্ছে ইতিহাস। শ্রীলঙ্কার বিপক্ষে ২০১৩ থেকে চারটি টি-টোয়েন্টি সিরিজ খেলেছে বাংলাদেশ। হেরেছে তিনটি ম্যাচেই। অন্য সিরিজটি ১-১ সমতায় শেষ হয়েছে। অন্যদিকে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১৫ ম্যাচ খেলে মাত্র পাঁচটিতে জিতেছে বাংলাদেশ।

ব্যাটিং আর পেস বোলিংয়ের শক্তিতে শ্রীলঙ্কার চেয়ে ঢের এগিয়ে বাংলাদেশ। তাইতো আজকের অঘোষিত ফাইনালে আবারো দাপুটে পারফরম্যান্স দেখিয়ে নতুন ইতিহাস লিখতে মুখিয়ে থাকবে টাইগাররা।

Exit mobile version