নাপোলি তে নতুন ডাচ প্রাচীর

ট্রান্সফার উইন্ডো

ছবি : কালেক্টেড

সেরি আ শিরোপা ধরে রাখার মিশনে আরও শক্তি বাড়ালো নাপোলি। ডাচ ডিফেন্ডার সাম বেউকেমাকে দলে নিয়েছে ক্লাবটি। বোলোনিয়া থেকে পাঁচ বছরের চুক্তিতে তাকে দলে ভিড়িয়েছে নাপোলি।

ইতালিয়ান সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, এই ট্রান্সফারে নাপোলির খরচ পড়েছে ৩০ মিলিয়ন ইউরো।

২০২৩ সালে বোলোনিয়ায় যোগ দিয়েছিলেন বেউকেমা। ক্লাবটির হয়ে গত দুই মৌসুমে খেলেছেন ৮০ ম্যাচ। গত মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে আট ম্যাচেই শুরুর একাদশে ছিলেন ২৬ বছর বয়সী এই সেন্টার-ব্যাক।

বিগত মে মাসে এসি মিলানকে হারিয়ে ইতালিয়ান কাপ জয়ের স্বাদ পেয়েছিলেন বেউকেমা।

গত তিন মৌসুমে দুইবার সেরি আ চ্যাম্পিয়ন হওয়া নাপোলি এবারে চতুর্থ নতুন খেলোয়াড় হিসেবে বেউকেমাকে স্কোয়াডে অন্তর্ভুক্ত করলো। আগামী ১৩ আগস্ট সাস্সুয়োলোর বিপক্ষে ম্যাচ দিয়ে লিগ শিরোপা ধরে রাখার মিশন শুরু করবে তারা।

Exit mobile version