চলতি বছরের আগামী ৩০ সেপ্টেম্বর থেকে ২ নভেম্বর পর্যন্ত ভারত ও শ্রীলঙ্কায় বসছে নারীদের ওয়ানডে বিশ্বকাপ। আসন্ন আসরের জন্য শনিবার (২৩ আগস্ট) ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দলটির নেতৃত্বে থাকছেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি, তার ডেপুটি হিসেবে রয়েছেন নাহিদা আক্তার।
স্কোয়াডে চমক হিসেবে ডাক পেয়েছেন উইকেটকিপার-ব্যাটার রুবিয়া হায়দার ঝিলিক, অফস্পিনার নিশিতা আক্তার নিশি এবং টপ-অর্ডার ব্যাটার সুমাইয়া আক্তার। তাদের অন্তর্ভুক্তির ফলে জায়গা হারিয়েছেন দিলারা আক্তার দোলা, জান্নাতুল ফেরদৌস সুমনা এবং ইশমা তানজিম।
রুবাইয়া এখন পর্যন্ত ওয়ানডে অভিষেক না করলেও টি–টোয়েন্টি খেলার অভিজ্ঞতা রয়েছে। ব্যাট হাতে ও গ্লাভস হাতে তার পারফরম্যান্স বিবেচনায় রেখেই তাকে সুযোগ দেওয়া হয়েছে। এছাড়া ১৭ বছর বয়সী স্পিনার নিশি দলে জায়গা পেয়েছেন সর্বকনিষ্ঠ সদস্য হিসেবে। গত বছর পাকিস্তানের বিপক্ষে সিরিজে ওয়ানডে অভিষেক হয়েছিল তার। ক্যারিয়ারের একমাত্র ওয়ানডে খেলা সুমাইয়া আক্তারও আবার ফিরেছেন মূল দলে।
অন্যদিকে ফারজানা হক, শারমিন আক্তার সুপ্তা, স্বর্ণা আক্তার, মারুফা আক্তার, রিতু মনি, সোবহানা মোস্তারী, ফাহিমা খাতুনদের মতো অভিজ্ঞ ক্রিকেটাররাই স্কোয়াডের মূল ভরসা।
বাংলাদেশের বিশ্বকাপ অভিযান শুরু হবে ২ অক্টোবর, কলম্বোতে পাকিস্তানের বিপক্ষে। এরপর ৭ অক্টোবর গোয়াহাটিতে ইংল্যান্ড এবং ১০ অক্টোবর একই ভেন্যুতে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে টাইগ্রেসরা। ১৩ ও ১৬ অক্টোবর বিশাখাপত্তমে যথাক্রমে দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলবে দলটি। শেষ দুটি ম্যাচ হবে মুম্বাইয়ে—২০ অক্টোবর শ্রীলঙ্কা এবং ২৬ অক্টোবর ভারতের বিপক্ষে।
প্রস্তুতি ম্যাচে নামবে বিশ্বকাপের আগেই। ২৫ সেপ্টেম্বর দক্ষিণ আফ্রিকা এবং ২৭ সেপ্টেম্বর শ্রীলঙ্কার বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ নারী দল। দুটোই হবে কলম্বোতে, তবে ভিন্ন ভেন্যুতে।
বাংলাদেশ নারী দলের বিশ্বকাপ স্কোয়াড:
নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার (সহ–অধিনায়ক), ফারজানা হক, রুবাইয়া হায়দার ঝিলিক, শারমিন আক্তার সুপ্তা, সোবহানা মোস্তারী, রিতু মনি, স্বর্ণা আক্তার, মারুফা আক্তার, ফাহিমা খাতুন, রাবেয়া খান, ফারিহা ইসলাম তৃষ্ণা, সানজিদা আক্তার মেঘলা, সুমাইয়া ইসলাম, নিশিতা আক্তার নিশি।
