নিজের রানখরা নিয়ে চিন্তিত নন লিটন

সময়টা একেবারেই ‘বাজে’ যাচ্ছে লিটন কুমার দাসের। জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম দুই ম্যাচের পর তৃতীয় টি-টোয়েন্টিতেও রানের দুর্ভিক্ষ দেখেছেন জাতীয় দলের এই ওপেনার। সাথে আলোচনায় তাঁর আউট হওয়ার ধরণটাও। অবশ্য গতকাল ম্যাচ শেষে সাক্ষাৎকারে তিনি নিজেই স্বীকার করেছেন তাঁর অফ ফর্মের কথা। জানিয়েছেন সামনেই হাসতে চলেছে তাঁর ব্যাট।

তৃতীয় টি-টোয়েন্টিতে মাত্র ১২ রান করে বাজে শট খেলে আউট হওয়া লিটন বলেন, ‘অবশ্যই (চেনা রূপে নাই) । চেষ্টা করছি, হচ্ছে না। পরিশ্রম করছি। এমন না যে পরিশ্রম করছি না। অনেক সময় আপনি পরিশ্রম করবেন, কিন্তু ক্রিকেট তো এটা। হতেই পারে। এটা নিয়ে আমি উদ্বিগ্ন না। চেষ্টা করছি। অবশ্যই আমার ভালো করা উচিত।’

অবশ্য সিরিজের শেষ দুই ম্যাচে ভালো কিছু করে দেখাতে চান লিটন। তিনি জানান, ‘দেখা যাক আরও দুটো ম্যাচ আছে। আমি যেভাবে টি-টোয়েন্টি ম্যাচ খেলার চেষ্টা করি, সেভাবেই খেলছি। আশা করি সামনেই আমার ব্যাট হাসবে।’

Exit mobile version