নিষিদ্ধ রউফ, শাস্তি পেলেন সূর্য-বুমরাও । আরব আমিরাতে এশিয়া কাপ টি-টোয়েন্টি শেষ হয়েছে প্রায় এক মাসের বেশি সময় আগে। এত দিন পর এসে পাকিস্তানি পেসার হারিস রউফের বিরুদ্ধে শাস্তি ঘোষণা করেছে আইসিসি। এশিয়া কাপে আচরণবিধি লঙ্ঘনের ঘটনায় পাকিস্তানের এই পেসারকে দুই ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে আইসিসি।
ফলে দেশের মাটিতে চলমান দক্ষিণ আফ্রিকা সিরিজের প্রথম দুই ম্যাচে খেলতে পারবেন না পাকিস্তানের এই পেসার। মঙ্গলবার প্রথম ম্যাচে জিতেছে পাকিস্তান। বুধবার অনুষ্ঠিত হবে দ্বিতীয় ম্যাচ।
বুধবার আইসিসি তাদের ওয়েবসাইটে দেওয়া বিবৃতিতে জানিয়েছে, রউফ এশিয়া কাপে দুটি ম্যাচে আইসিসির আচরণবিধির ২.২১ ধারা ভঙ্গ করেছেন, যা খেলার ভাবমূর্তি নষ্ট করার সঙ্গে সম্পর্কিত।
আরব আমিরাতে ২১ সেপ্টেম্বর ভারত-পাকিস্তানের সুপার ফোর ও ২৮ সেপ্টেম্বরের ফাইনালে মুখোমুখি হয়। রউফ অভিযোগ অস্বীকার করায় শুনানি শেষে তাঁকে শাস্তি দেওয়া হয়। ২৪ মাসের মধ্যে চার ডিমেরিট পয়েন্ট জমলে স্বয়ংক্রিয়ভাবে দুই ম্যাচের নিষেধাজ্ঞা কার্যকর হয়।
রউফের ক্ষেত্রেও সেটিই হয়েছে। দুবাইয়ে এশিয়া কাপের সুপার ফোর পর্বে রউফ ভারতীয় দর্শকদের দিকে ‘৬-০’ইশারা করেন এবং বিমান ভূপাতিত করার মতো অঙ্গভঙ্গি দেখান, যা ভারতের সামরিক বাহিনীকে কটাক্ষ হিসেবে দাবি করেন ভারতীয় সমর্থকেরা।
অবশ্য একই ম্যাচে পাকিস্তানি ওপেনার সাহিবজাদা ফারহান ফিফটি পূর্ণ করার পর ব্যাটকে বন্দুকের মতো ধরে গুলি ছোড়ার ভঙ্গি করেন। রউফের পাশাপাশি তাঁর বিরুদ্ধেও অভিযোগ তোলে বিসিসিআই। ফারহানকে সতর্ক করে দেওয়ার পাশাপাশি একটি ডিমেরিট পয়েন্ট শাস্তি দিয়েছে আইসিসি।
এছাড়া শাস্তি পেয়েছে ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদবেরও। ১৪ সেপ্টেম্বর দুবাইয়ে পাকিস্তানের বিপক্ষে ম্যাচের পর সংবাদ সম্মেলনে দলের জয় ভারতের সামরিক বাহিনীকে উৎসর্গ করেন তিনি। সূর্যকুমারের বিরুদ্ধে অভিযোগ করে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
ফলে সূর্যকুমার দুই ডিমেরিট পয়েন্ট পেয়েছেন। ফাইনালে অঙ্গভঙ্গির কারণে ভারতীয় পেসার যশপ্রীত বুমরা পেয়েছেন এক ডিমেরিট পয়েন্ট। একই সাথে ভারতের আরেক পেসার অর্শদীপ সিংয়ের বিরুদ্ধে অশালীন ইঙ্গিতের অভিযোগ উঠেছিল, তবে তদন্তে তিনি নির্দোষ প্রমাণিত হন।
গত এশিয়া কাপে ভারত-পাকিস্তান তিনটি ম্যাচই ছিল প্রচণ্ড উত্তেজনাপূর্ণ। টুর্নামেন্টে তিনটি ম্যাচেই পাকিস্তানি খেলোয়াড়দের সঙ্গে হাত মেলাতে অস্বীকৃতি জানান ভারতের ক্রিকেটাররা।
এশিয়া কাপের হাত না মেলানোর ঘটনায় দুই দেশের বোর্ডের সম্পর্কের টানাপোড়েন আরও বাড়ে। পরিস্থিতি এমন পর্যায়ে গিয়েছিল যে পাকিস্তান টুর্নামেন্ট থেকে সরে যাওয়ার কথাও বিবেচনা করেছিল। ইতিহাসে প্রথমবারের মতো ভারত ও পাকিস্তান এশিয়া কাপের ফাইনালে মুখোমুখি হয়।
ফাইনালে শেষ ওভারে জয় পায় ভারত। ফাইনাল শেষে ভারতীয় দল পিসিবি চেয়ারম্যান ও এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি মহসিন নাকভির কাছ থেকে ট্রফি নিতে অস্বীকৃতি জানায়। শেষ পর্যন্ত ট্রফি ছাড়াই ভারতীয় দল উদ্যাপন করে। এখনো তারা এশিয়া কাপ টি-টোয়েন্টির ট্রফিটি হাতে পায়নি।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩















