আইসিসির নিষেধাজ্ঞা পেয়ে ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন জিম্বাবুয়ের তারকা ব্যাটার ব্রেন্ডন টেলর। তবে নিষেধাজ্ঞার মেয়াদ শেষে ফের ক্রিকেটে ফিরেছেন তিনি। নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্ট দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছেন জিম্বাবুয়ের এই তারকা। এবার তাকে রেখে শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজের দল ঘোষণা করেছে জিম্বাবুয়ে।
এর আগে টেলর ২০২১ সালের সেপ্টেম্বর মাসে আয়ারল্যান্ডের বিপক্ষে সর্বশেষ ওয়ানডে খেলেছেন। আগস্টের ২৯ ও ৩১ তারিখে হারারেতে দুটি ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে। এই সিরিজের জন্য ক্রেইগ আরভিনকে অধিনায়ক করে ১৬ সদস্যের দল ঘোষণা করেছে জিম্বাবুয়ে। একই ভেন্যুতে ৩, ৬ ও ৭ সেপ্টেম্বর তিন ম্যাচের টি-২০ সিরিজও খেলবে দুই দল।
এ বিষয়ে জিম্বাবুয়ের প্রধান নির্বাচক ডেভিড মুতেনদেরা। তিনি এক বিবৃতিতে বলেছেন, ‘আমরা ব্রেন্ডনকে আবারও দলে স্বাগত জানাতে পেরে আনন্দিত। চাপের মুহূর্তে তার অভিজ্ঞতা আর মানসিক দৃঢ়তা আমাদের কাজে লাগবে বলে আশা করছি। ড্রেসিংরুমে তার উপস্থিতি নিঃসন্দেহে নতুন অনুপ্রেরণা যোগাবে।’
জিম্বাবুয়ের ওয়ানডে দলঃ ক্রেইগ আরভিন (অধিনায়ক), ব্রায়ান বেনেট, জোনাথন ক্যাম্পবেল, বেন কারান, ব্র্যাড ইভান্স, ট্রেভর গোয়ান্ডু, ওয়েসলি মাধেভেরে, ক্লাইভ মাদান্দে, আর্নেস্ট মাসুকু, টনি মুনিওঙ্গা, ব্লেসিং মুজারাবানি, রিচার্ড এনগারাভা, নিউম্যান নিয়ামহুরি, সিকান্দার রাজা, ব্রেন্ডন টেলর ও শন উইলিয়ামস।
