টি-টোয়েন্টি সিরিজে হারা দক্ষিণ আফ্রিকা পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে। বৃহষ্পতিবার ফয়সালাবাদে অনুষ্ঠিত দ্বিতীয় ওয়ানডেতে তারা স্বাগতিক দলকে উড়িয়ে দিয়েছে। ২৭০ রানের লক্ষ্যে খেলতে নেমে ৮ উইকেট আর ৫৯ বল হাতে রেখে জয় তুলে নেয়। প্রথমে ব্যাট করে পাকিস্তান ৯ উইকেট হারিয়ে ২৬৯ রান করেছিল।
দক্ষিণ আফ্রিকার এ জয়ে নেতৃত্ব দিয়েছেন ওপেনার কুইন্টন ডি কক। একাই পাকিস্তানের বোলারদের নাস্তানাবুদ করে ছেড়েছেন। ১২৩ রানের অপরাজিত এক ইনিংস খেলেন তিনি। তাকে যোগ্য সহযোগিতা দিয়েছেন ওয়ান ডাউন ব্যাটার টনি ডি জর্জি। ৭৬ রান তার সংগ্রহ। ১৫৩ রানের জুটি তাদের। ওপেনার প্রেটোরিয়াসের সঙ্গে ডি ককের জুটি ছিল ৮১ রানের।
দক্ষিণ আফ্রিকার ব্যাটিং ছিল সাবলীল। ঠিক পাকিস্তানের উল্টো। পাকিস্তানের বোলারদের ওপর শুরু থেকেই চড়াও হয়েছিলেন ডি কক ও তার সতীর্থরা। অন্যদিকে পাকিস্তানের ব্যাটাররা প্রোটিয়া বোলারদের সামনে ছিলেন অসহায়। একের পর এক উইকেট হারিয়েছে। মাত্র ২২ রানের মধ্যে ফিরে যান ফখর জামান (০), বাবর আজম (১১) ও মোহাম্মদ রিজওয়ান (৪)। ফলে শুরুতেই চাপে পড়ে দলটি। এ অবস্থায় সায়েম আইয়ুব (৫৩) ও সালমান আগা (৬৯) কিছুটা প্রতিরোধ গড়ে তোলেন। শেষ দিকে মোহাম্মদ নাওয়াজের ৫৯ বলে ৫৯ রান পাকিস্তানের সংগ্রহকে সমৃদ্ধ করলেও তা প্রোটিয়াদের ব্যাটারদের সামনে সামান্য হয়ে দাঁড়ায়।
আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার পর ডি কক তার প্রথম সেঞ্চুরি (১২৩) করতে খেলেছেন ১১৯ বল। আট বাউন্ডারির পাশাপাশি সাত ওভার বাউন্ডারিতে সাজানো ছিল তার ইনিংসটি। সব মিলিয়ে ওয়ানডেতে এটা তার ২২তম সেঞ্চুরি।
