শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জয়ের স্মৃতি টাটকা থাকতেই আরেকটি বড় অর্জনের পথে বাংলাদেশ। ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে প্রথম সিরিজ জয়ের লক্ষ্য পূরণের পর দেশটিকে হোয়াইওয়াশ করার হাতছানি লিটন দাসদের সামনে। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বৃহস্পতিবার তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি শুরু হবে সন্ধ্যা ৬টায়।
তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে এখন পর্যন্ত কেবল দুটি পূর্ণ সদস্য দেশকে হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ। ২০২৩ সালে দেশের মাটিতে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম এই স্বাদ পায় তারা, তখন অধিনায়ক ছিলেন সাকিব আল হাসান। গত বছর লিটনের নেতৃত্বে ওয়েস্ট ইন্ডিজে স্বাগতিকদের হোয়াইটওয়াশ করে বাংলাদেশ।
সিরিজ জিতে নেওয়া বাংলাদেশ শেষ ম্যাচের জন্য একাদশে এনেছে পাঁচটি পরিবর্তন। স্পিনে শক্তি কিছুটা বাড়িয়েছে লিটন দাসের দল। দলে ফিরেছেন তানজিদ হাসান, মোহাম্মদ সাইফ উদ্দিন, তাসকিন আহমেদ, মেহেদী হাসান মিরাজ ও নাসুম আহমেদ। এছাড়া একাদশ থেকে বিশ্রাম দেওয়া হয়েছে পারভেজ হোসেন, তাওহিদ হৃদয়, রিশাদ হোসেন, মুস্তাফিজুর রহমান ও তানজিম হাসান।
হোয়াইটওয়াশ এড়ানোর লক্ষ্যে একাদশে দুটি পরিবর্তন এনেছে পাকিস্তান। বাদ পড়েছেন ওপেনার ফাখার জামান ও খুশদিল শাহ। দলে এসেছেন সাহিদজাদা ফারহান ও হুসাইন তালাত।
বাংলাদেশ একাদশ: লিটন কুমার দাস (অধিনায়ক), মোহাম্মদ নাঈম শেখ, তানজিদ হাসান, মেহেদী হাসান মিরাজ, শামীম হোসেন, জাকের আলি, শেখ মেহেদি হাসান, মোহাম্মদ সাইফ উদ্দিন, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, নাসুম আহমেদ।
পাকিস্তান একাদশ: সাহিবজাদা ফারহান, সাইম আইয়ুব, মোহাম্মদ হারিস, হাসান নাওয়াজ, সালমান আলি আগা (অধিনায়ক), হুসাইন তালাত, মোহাম্মদ নাওয়াজ, ফাহিম আশরাফ, আব্বাস আফ্রিদি, সালমান মির্জা, আহমেদ দানিয়াল।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩

















