পাকিস্তানের বিপক্ষে প্রথমবার ইতিহাস গড়ার হাতছানি টাইগারদের সামনে

শক্তিশালী পাকিস্তানের বিপক্ষে প্রথমবারের মতো টি-টোয়েন্টি সিরিজ জয়ের সুযোগ টাইগারদের সামনে। গুরুত্বপূর্ণ ম্যাচের আগের দিন বিশ্রামে ছিলো দুই দল। প্রথম টি-টোয়েন্টির দাপুটে পারফরম্যান্সে অপরিবর্তিত একাদশ নিয়েই মাঠে নামবে স্বাগতিকরা। তবে আছে বৃষ্টির শঙ্কা। মঙ্গলবার (২২ জুলাই) মিরপুরে ম্যাচ শুরু সন্ধ্যা ৬টায়।

অধিনায়ক লিটন দাস অনেক প্রথমের সাক্ষী। ক্যারিবীয় দ্বীপপুঞ্জ আর লঙ্কায় প্রথম সিরিজ জয়ের মাইলফলকটা এসেছে তারই হাত ধরে। তার সামনে আরও একটি প্রথমের হাতছানি। অধিনায়কত্ব পেয়ে এটাই প্রথম হোম সিরিজ লিটন কুমার দাসের। হোম ক্রাউড, পরিচিত মাঠ আর সাম্প্রতিক সময়ের পারফরম্যান্স।

প্রথম টি-টোয়েন্টিতে রীতিমতো কোনো প্রতিদ্বন্দ্বীতাই করতে পারেনি পাকিস্তান। বাংলাদেশ সফরের শুরুতেই এমন ধাক্কা, গুছিয়ে উঠতেও সময় নিবে। অবশ্য মেন ইন গ্রিনদের হাতে সময় নেই অতো। সিরিজ বাঁচাতে হলে, দ্বিতীয় ম্যাচে জয়ভিন্ন কোনো পথ খোলা নেই।

বাংলাদেশে এসে কেবল একদিনই অনুশীলন করেছে পাকিস্তান দল। দ্বিতীয় ম্যাচের আগের দিনেও হোটেলবন্দী সালমান আঘারা। সিরিজ বাঁচানোর ম্যাচে দলটায় আসতে পারে একটি পরিবর্তন। বাড়তি স্পিনার হিসেবে দেখা যেতে পারে সুফিয়ান মুকিমকে। বাঁহাতি রিস্টস্পিনার পাকিস্তানের হয়ে টি-টোয়েন্টি খেলেছি ১০টি।

অন্যদিকে, বিশ্রামে ছিলো বাংলাদেশও। দাপুটে জয়ের পরের দিনটা হোটেলেই কাটিয়েছেন লিটন কুমার দাসরা। স্বাগতিকদের একাদশে পরিবর্তন আসার সম্ভাবনা একেবারেই কম। তিন পেসার আর দুই স্পিনার নিয়েই সিরিজ জয়ের লক্ষ্যে নামবে লাল-সবুজ।

Exit mobile version