টাইগারদের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে আজ (বুধবার) সকালে ঢাকায় পৌঁছেছে পাকিস্তান ক্রিকেট দলের প্রথম বহর। অধিনায়ক সালমান আলি আগাসহ বেশ কয়েকজন ক্রিকেটার ইতোমধ্যে ঢাকায় পা রেখেছেন। দলের বাকি সদস্যরা বিকেলে এসে পৌঁছানোর কথা রয়েছে। বাংলাদেশ-পাকিস্তান সিরিজের প্রথম টি-টোয়েন্টি মাঠে গড়াবে ২০ জুলাই।
বাংলাদেশে আসার আগে সংবাদ সম্মেলনে সালমান আগা বলেন, ‘বাংলাদেশ যেকোনো কন্ডিশনেই ভালো দল। নিজেদের কন্ডিশনে তো আরও ভালো, রেকর্ড ঘাটলে দেখবেন দুনিয়ার অনেক ভালো দলকেও হারিয়েছে। নিজেদের কন্ডিশনে আমাদের অনেক টাফ টাইম দিতে সক্ষম তারা। ফলে আমাদের এসব ব্যাপারে ধারণা আছে এবং সেভাবেই নিজেদের প্রস্তুত করেছি।’
পাকিস্তানি অধিনায়ক আরও বলেন,‘আন্তর্জাতিক ক্রিকেটে প্রতিদিনই নতুন নতুন চ্যালেঞ্জ আসবে। এরকম রোলার কোস্টারের মধ্য দিয়েই যেতে হবে। আমার কাছে মনে হয়, যেভাবে চলছে সেভাবেই মানিয়ে নিয়ে চলতে হবে। জীবনের মত করেই। জীবন যেভাবে চলছে, ক্যারিয়ার যেভাবে আগাচ্ছে সেভাবেই কৌশল করে সামনে এগিয়ে যেতে হবে। এসব ব্যাপারে আমি অতিরিক্ত ভাবছি না। আগেও এভাবেই চলেছে।’
উল্লেখ্য, আগামী ২০, ২২ ও ২৪ জুলাই মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে বাংলাদেশ-পাকিস্তান তিনটি টি-টোয়েন্টিতে মোকাবিলা করবে। প্রতিটি ম্যাচই শুরু হবে সন্ধ্যা সাড়ে ৬টা থেকে। এর আগে বাংলাদেশ গত মাসে পাকিস্তানে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলে এসেছে। যেখানে ৩-০তে হোয়াইটওয়াশ হয় লিটনরা।
