পিসিবি’র মাঝপথে বিদায়, বিসিবিতে দ্বিতীয় দফায় যোগ টমি হেমিংয়ের

পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সঙ্গে দুই বছরের চুক্তি করেও প্রায় মাঝপথেই পদত্যাগ করেছেন অভিজ্ঞ অস্ট্রেলিয়ান কিউরেটর টমি হেমিং। এবার নতুনভাবে দ্বিতীয় দফায় যুক্ত হলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে। হেমিং এবার শুধু প্রধান কিউরেটরের দায়িত্বেই সীমাবদ্ধ থাকছেন না, নতুন পদ হেড অব টার্ফ ম্যানেজমেন্ট হিসেবে দেশের কিউরেটরদের প্রশিক্ষণও দেবেন।

গতকাল (শনিবার) বিসিবির সভা শেষে আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু এই নিয়োগের বিষয়টি নিশ্চিত করেন। পরে পিসিবিও এক সংক্ষিপ্ত বার্তায় জানায়, “পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান কিউরেটরের পদ ছেড়েছেন টমি হেমিং।”

পিসিবিতে যোগ দেওয়ার আগে ও পরে হেমিংয়ের দায়িত্ব ছিল বড় কিছু আন্তর্জাতিক সিরিজ ও টুর্নামেন্টের পিচ প্রস্তুত করা। তার তত্ত্বাবধানে অনুষ্ঠিত হয়েছে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ ও ইংল্যান্ড সিরিজ এবং ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতিমূলক ম্যাচ। তবে নির্দিষ্ট কারণ না জানালেও, পিসিবির সঙ্গে মেয়াদ শেষ হওয়ার আগেই দায়িত্ব ছাড়েন তিনি।

প্রায় চার দশকের অভিজ্ঞ হেমিং অস্ট্রেলিয়ার মেলবোর্ন, পার্থ ও তাসমানিয়া স্টেডিয়ামের কিউরেটর ছিলেন। ২০০৭ থেকে ২০১৭ পর্যন্ত দুবাইয়ে আইসিসির প্রধান কিউরেটর হিসেবে দায়িত্ব পালন করেন এবং ২০০৯–২০১৯ সালে পাকিস্তানের হোমভেন্যু দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামও পরিচালনা করেছেন। কাতার, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও বাংলাদেশেও কাজের অভিজ্ঞতা রয়েছে তার।

পিসিবিতে থাকাকালীন হেমিং চালু করেছিলেন “গ্রীনহাউজ কনসেপ্ট”—একটি বিশেষ কাঠামো যা পিচের তাপমাত্রা ধরে রাখে ও শীতকালে আর্দ্রতা কমায়। বিশেষত কুয়াশাপ্রবণ মুলতান অঞ্চলে এটি বেশ কার্যকর ছিল।

দ্বিতীয় দফায় বিসিবিতে যোগ দিয়ে হেমিংয়ের দায়িত্ব হবে শুধু আন্তর্জাতিক ম্যাচের পিচ নয়, ঘরোয়া ক্রিকেটের উইকেটের মানোন্নয়নেও কৌশলগত সহায়তা দেওয়া। তার অভিজ্ঞতা বাংলাদেশ ক্রিকেটে পিচ ব্যবস্থাপনায় নতুন মাত্রা যোগ করবে বলে আশা করা হচ্ছে।

Exit mobile version