বাংলাদেশ ফুটবলে প্রবাসী জোয়ার শুরু হয়েছে হামজা চৌধুরির হাত ধরে। সেই ধারাবাহিকতায় অনুষ্ঠিত হয়ে গেল তিন দিনের প্রবাসী ফুটবলার ট্রায়াল। সোমবার ছিল শেষ দিন। ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে আয়োজিত এই ট্রায়ালে গ্যালারি ছিল জনসমুদ্র। প্রায় দুই হাজার দর্শকের উপস্থিতি জানান দেয়—ফুটবল কতটা আবেগের নাম।
বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা ৪৯ জন তরুণ ফুটবলার মাঠে নামেন দেশের লাল-সবুজ জার্সির স্বপ্ন নিয়ে। কেউ এসেছেন আমেরিকা থেকে, কেউ সুইডেন, কেউ বা ইংল্যান্ড কিংবা ইতালি থেকে। জাতীয় দলের হয়ে খেলার আকাঙ্ক্ষা, সেইসঙ্গে পরিবারের সমর্থন—সব মিলিয়ে আবেগঘন এক পরিবেশ তৈরি হয় মাঠজুড়ে।
তবে আয়োজনে ছিল কিছু ঘাটতি। বাফুফের পক্ষ থেকে এখনো ঘোষণা আসেনি কারা দলে জায়গা পাবেন। ট্যাকনিক্যাল ডিরেক্টর সাইফুল বারী টিটুর মিডিয়া ব্রিফিং বাতিল হওয়ায় স্পষ্টতা মেলেনি ট্রায়ালের ফলাফল নিয়েও। এতে খেলোয়াড় ও অভিভাবকদের মনে তৈরি হয়েছে অনিশ্চয়তা।
মাঠের পারফরম্যান্সে নজর কেড়েছেন বিটোশোক চাকমা ও জায়ানসহ আরও কয়েকজন।
অনূর্ধ্ব-১৯ ও অনূর্ধ্ব-২৩ ম্যাচে তারা দেখিয়েছেন গতি, শারীরিক দক্ষতা এবং পজিশনিংয়ে পরিপক্বতা। বিশেষ করে জায়ানের লেফট ব্যাক থেকে ওভারল্যাপ এবং বিটোশোকের গোল আলোচনায় রয়েছে।
তিন দিনের এই আয়োজন শেষ হলেও অপেক্ষা রয়ে গেছে ফলাফলের। খেলার চেয়ে বড় হয়ে উঠেছে ভালোবাসা। দর্শকদের সাড়া, হাততালি, সেলফির আবদার—সবকিছু যেন ফুটবলপ্রীতির এক অমলিন চিত্র হয়ে থাকল।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩




















