দক্ষিণ আফ্রিকার মাটিতে শুক্রবার থেকে শুরু হচ্ছে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ। তার আগে চলছে প্রস্তুতি ম্যাচ। আনুষ্ঠানিক প্রস্তুতি ম্যাচে শ্রীলংকার কাছে হারলেও সর্বশেষ প্রস্তুতি ম্যাচে শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে দারুণ জয় পেয়েছে বাংলাদেশের যুবারা। যা টাইগারদের আত্মবিশ্বাস বাড়িয়ে দিল।
পেসার রোহানাত দৌলাহ বর্ষণের হ্যাটট্রিকসহ ৪ উইকেটের ঝলকে অস্ট্রেলিয়ার যুবারা খাবি খেয়েছে। ১০৭ বল বাকি থাকতেই শেষ হয়েছে তাদের ইংনিস। গুটিয়ে গেছে ১৬৫ রানে। জবাবে ৫ উইকেটে জয় পেয়েছে বাংলাদেশের ইয়াং টাইগাররা। এদিন বাংলাদেশ ছাড়াও প্রস্তুতি ম্যাচে জয় পেয়েছে ভারত, নিউজিল্যান্ড এবং ইংল্যান্ড।
অফিসিয়াল প্রস্তুতি ম্যাচের শেষ দিনে প্রিটোরিয়ায় অস্ট্রেলিয়ার যুবাদের মুখোমুখি হন মাহফুজুর রহমান রাব্বি-শিবলীরা। এদিন টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরুতে উইকেট হারালেও স্যাম কোনটাস ও হিউজ ওয়েবগেনের ব্যাটে ঘুরে দাঁড়ান অস্ট্রেলিয়ার যুবারা।
একপর্যায়ে তাদের স্কোর ছিল ৩ উইকেটে ১৩৭ রান। এর পরই বল হাতে দ্যুতি ছড়ালেন বর্ষণ। ইনিংসের ৩৪তম ওভারে রায়ান হিকস, এইডেন ও’কন্নর এবং ম্যাকমিলানকে ফিরিয়ে হ্যাটট্রিক তুলে নেন বর্ষণ। তার হ্যাটট্রিকের সুবাদে ১৬৫ রানেই গুটিয়ে যায় অজি বাহিনী।
অস্ট্রেলিয়ার হয়ে সর্বোচ্চ ৪৬ রানের ইনিংস খেলেছেন হারজাস সিং। বাংলাদেশের হয়ে একাই চার উইকেট নিয়েছেন বর্ষণ। এ ছাড়া মাহফুজুর নিয়েছেন দুটি উইকেট।
রান তাড়ায় চৌধুরী মোহাম্মদ রিজওয়ানের ৫৯ বলে ৫৩ রানের দায়িত্বশীল ইনিংসে ম্যাচ জিতে নেন লাল-সবুজের প্রতিনিধিরা। আগামীকাল ১৯ জানুয়ারি টুর্নামেন্ট শুরু হলেও বাংলাদেশ মাঠে নামবে ২০ জানুয়ারি। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে লড়বে বাংলাদেশ।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩




















