টেবিল টপার লিভারপুলকে হারিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা লড়াই জমিয়ে তুললো আর্সেনাল। নিজেদের মাঠের খেলায় তারা লিভারপুলকে ৩-১ গোলে হারিয়েছে।
লিভারপুলের বিপক্ষে জয়ের ফলে ৪৯ পয়েন্ট নিয়ে আর্সেনাল দ্বিতীয় স্থানে উঠে এসেছে। এ হারের পরও লিভারপুল শীর্ষস্থান ধরে রেখেছে। তাদের পয়েন্ট ৫১। উভয় দলই ২৩টি করে ম্যাচ খেলেছে। ৪৬ পয়েন্ট নিয়ে বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি আছে তৃতীয় স্থানে। তবে তারা দুটো ম্যাচ কম খেলেছে। এই দুই ম্যাচে জয় পেলে লিভারপুলকে টপকে তারা শীর্ষে উঠে আসবে। দুই ম্যাচের একটিতে আজ তারা মাঠে নামছে।
যোগ্য দল হিসেবে আর্সেনাল এ ম্যাচে জয় পেয়েছে। শুরু থেকেই তারা লিভারপুলের ওপর চাপ সৃষ্টি করে খেলতে থাকে। ১৪ মিনিটের সময় দারুণ এক আক্রমণে ম্যাচে ব্যবধান গড়ে নেয় আর্সেনাল। বুকায়ো সাকা করেন গোলটি। কিন্তু বিরতির আগেই তাদের সেই হাসি ম্লান হয়ে যায় আত্মঘাতি গোলে। প্রথমার্ধের ইনজুরি সময়ে গ্যাব্রিয়েল নিজেদের জালে বল জড়িয়ে দেন।
৬৭ মিনিটে গ্যাব্রিয়েল মার্টিনেলি গোল করে আবার আর্সেনালকে এগিয়ে নেন। ১-২ গোলে পিছিয়ে পড়া লিভারপুলের অবস্থা আরো নাজকু হয় ৮৮ মিনিটে। এ সময়ে ইব্রাহিম কোনাতে লাল কার্ড দেখে মাঠ থেকে বহিষ্কার হন। আর এ সুযোগটা ভালোভাবেই কাজে লাগায় আর্সেনাল। ইনজুরি সময়ের দ্বিতীয় মিনিটে লিন্দ্রো ট্রোসার্ড গোল করে আর্সেনালের জয় নিশ্চিত করে।
এদিকে দিনের অন্য ম্যাচে ম্যানচেস্টার ইউনাইটেড ৩-০ গোলে হারিয়েছে ওয়েস্ট হাম ইউনাইটেডকে। আর ওলভারহ্যাম্পটনের কাছে বিধ্বস্ত হয়েছে চেলসি। নিজেদের মাঠে চেলসি ৪-২ গোলে হেরেছে।
