এশিয়া কাপ টি-টোয়েন্টি ২০২৫ এর ফাইনালের আগে নতুন এক বিতর্কের জন্ম দিয়েছেন ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদব। ফাইনালের আগে ট্রফির ফটোশুটে ছিলেন না ভারতের অধিনায়ক। চলতি এশিয়া কাপে ২ বার ভারতের মুখোমুখি হয়েছে পাকিস্তান।
সেই দুই ম্যাচে পাকিস্তানের সঙ্গে হাত মেলায়নি ভারতের কেউ। এর আগে ৮ দলের অধিনায়ক নিয়ে যে অনুষ্ঠানটা হয়েছিল, সেখানেও পাক ভারতের দুই অধিনায়ক একে অন্যকে এড়িয়ে গিয়েছিলেন। এবার গেলে সালমানের মুখোমুখি হয়ে যেতে হবে, সে কারণে অনুষ্ঠানেই যাননি সূর্যকুমার।
এই বিষয়ে সালমান অবশ্য কূটনৈতিক উত্তর দিলেন। সংবাদমাধ্যমকে তিনি বলেন, ‘ওরা যা খুশি করতে পারে। আমরা নিয়ম মেনে চলব। ওরা চাইলে আসবে, না চাইলে আমরা কিছু করতে পারব না।’
পাকিস্তানের অধিনায়ক আরও বলেন,‘ আমরা যা নিয়ন্ত্রণ করতে পারি না, তা নিয়ে চিন্তা করি না। মিডিয়ার কথা বা বাইরের শব্দ আমরা এড়িয়ে চলি। আমাদের লক্ষ্য এশিয়া কাপ। আমরা এখানে এসেছি ভালো ক্রিকেট খেলতে। কাল ফাইনালে জেতাই আমাদের উদ্দেশ্য।’
আজ ২৮ সেপ্টম্বর রোববার দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে হবে ভারত-পাকিস্তান মহারণ। এশিয়া কাপে এটি হবে দুই দলের তৃতীয় মুখোমুখি লড়াই। আগা বলেন, ‘আমি পরিকল্পনা জানাতে পারব না। সবকিছু নির্ভর করে কন্ডিশনের ওপর। প্রথম ম্যাচে উইকেট টার্ন করছিল, তাই স্পিন দিয়ে শুরু করি। পরে টার্ন না করলে পেস ব্যবহার করি। সবসময় পরিস্থিতি দেখে সিদ্ধান্ত নিতে হয়।’
