২০২৬ বিশ্বকাপ ফুটবলের বাছাইপর্বের ফিরতি ম্যাচে আজ অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ। বসুন্ধরা কিংস অ্যারেনায় বিকাল পৌনে ৫টায় ম্যাচটি শুরু হবে। গত বছরের ১৬ নভেম্বর অস্ট্রেলিয়ার মাটিতে ৭-০ গোলে হেরে আসা বাংলাদেশ এই ম্যাচে পরাজয়ের ব্যবধান কমিয়ে আনার লক্ষ্যে মাঠে নামবে।
মেলবোর্ন থেকে বাংলাদেশ দল বিধ্বস্ত হয়ে ফিরেছিলো। সেই ম্যাচের স্মৃতি ভুলেই মাঠে নামার কথা জানিয়েছেন অধিনায়ক জামাল ভূইয়া। ওই ম্যাচে তীব্র ঠান্ডার সাথে ঝড়ো বাতাসের কারণে বাংলাদেশ বাজেভাবে হেরেছে এমন কথা আগেও বলেছেন জামাল-তপুরা। সেই ম্যাচের কথা এবারও আসলো ঘুরেফিরে।
জামাল ভূইয়ার দাবী, এশিয়ার ফুটবলে অস্ট্রেলিয়া অন্যতম পাওয়ার হাউজ। যে কোন পরিস্থিতিতে তারা খেলে অভ্যস্ত। ফলে বাংলাদেশ তাদের ঘরের মাঠে খেললেও অস্ট্রেলিয়ার ওপর যে কোন প্রভাব পড়বে না জামাল নিজেও তা মানছেন। তবে আগের ম্যাচের ভুল শুধুরে এই ম্যাচে নিজেদের মেলে ধরার প্রত্যয় ছিলো জামালের কণ্ঠে।
বাংলাদেশ দলের পোস্টার বয় হিসেবে নিজের নামটা প্রতিষ্ঠিত করলেও সাম্প্রতিক সময়ে ফিটনেস সমস্যায় আছেন অধিনায়ক জামাল ভূইয়া। বেশ কয়েকটা ম্যাচে পুরো ৯০ মিনিট কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা তাকে মাঠে রাখেননি। ‘তবুও কেন জামাল ভূইয়াকে অধিনায়ক হিসেবে খেলানো হচ্ছে’? এমন প্রশ্নে কোচ হ্যাভিয়ের ক্যাবরেরার বক্তব্য, ‘ইম্প্যাক্টফুল খেলোয়াড় হিসেবে মাঠ এবং মাঠের বাইরে দলের ওপর জামালের অনেক প্রভাব’।
বিশ্বকাপ ও এশিয়া কাপের যৌথ বাছাইয়ে বাংলাদেশ খেলছে ‘আই’- গ্রুপে। চার ম্যাচের সবগুলোতেই জয় পাওয়া অস্ট্রেলিয়া ১২ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে অবস্থান করছে। এক পয়েন্ট নিয়ে টেবিলের তলানীতে বাংলাদেশ। ঘরের মাঠে লেবাননের সাথে ড্র করেছিলো বাংলাদেশ। ওই ম্যাচে অবশ্য বাংলাদেশ জেতার অবস্থায় ছিলো। ওই ম্যাচটিও কিংস অ্যারেনায় অনুষ্ঠিত হয়েছিলো।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩



















