ফের দক্ষিণ এশিয়ায় সীমাবদ্ধ বাংলাদেশ, সেপ্টেম্বরে খেলবে নেপালের বিপক্ষে

সেপ্টেম্বরের ফিফা উইন্ডোতে ইউরোপের কোনো দলের বিপক্ষে খেলার স্বপ্ন দেখেছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। তবে বাস্তবতা বলছে—হামজা চৌধুরি ও জামাল ভূঁইয়ারা খেলবেন প্রতিবেশী নেপালের বিপক্ষে। অল নেপাল ফুটবল অ্যাসোসিয়েশন (এএনএফএ) আজ দুপুরে তাদের অফিসিয়াল পেজে নিশ্চিত করেছে, বাংলাদেশ ও নেপাল ৬ ও ৯ সেপ্টেম্বর কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মুখোমুখি হবে।

যেখানে নারী ফুটবল দল নিয়মিত র‌্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা প্রতিপক্ষের বিপক্ষে খেলছে, সেখানে পুরুষ দল বারবার ফিরছে দক্ষিণ এশিয়ার চেনা গণ্ডিতে। আগেই সিঙ্গাপুর, মালদ্বীপ ও ভুটানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলা বাংলাদেশ এবার নেমেছে র‌্যাঙ্কিংয়ে ১৭৩ নম্বরে থাকা নেপালের বিপক্ষে। অথচ ৯ অক্টোবর এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশের প্রতিপক্ষ হংকং, যারা র‌্যাঙ্কিংয়ে ১৫৩তম।

পুরুষ দলের স্প্যানিশ কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা বরাবরই দক্ষিণ এশিয়ার দলগুলোকে পছন্দ করেন। তার কৌশলে বড় দলের বিপক্ষে প্রস্তুতির অভাব দেখা যায় প্রায়ই। সর্বশেষ সিঙ্গাপুরের বিপক্ষে ঢাকার ম্যাচে সেই দুর্বলতা স্পষ্ট হয়েছিল।

নারী দলের বেলায় চিত্র একেবারেই উল্টো। জর্ডান, ইন্দোনেশিয়ার মতো দলগুলোর বিপক্ষে খেলেই নিজেদের গড়ে তুলেছে আফঈদারা। সেই প্রস্তুতির সুফল তারা পেয়েছে বাহরাইন ও মিয়ানমারের মতো শক্তিশালী দলকে হারিয়ে এশিয়ান কাপ নিশ্চিত করে।

প্রশ্ন উঠছে, পুরুষ দল উন্নতির লক্ষ্যে কি শুধুই ভুটান-নেপালের মধ্যেই সীমাবদ্ধ থাকবে? নাকি ভবিষ্যতে বাফুফে ও ক্যাবরেরা বড় প্রতিপক্ষের মুখোমুখি হয়ে দলকে আন্তর্জাতিক মানে নিতে চাইবেন?

Exit mobile version