বড় জয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে এ দলের সিরিজ শুরু

সিলেটে নিউজিল্যান্ড এ দলের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে বড় জয় পেয়েছেন বাংলাদেশ এ দল। ব্যাট বলে দুর্দান্ত পারফরম্যান্স করে ৭ উইকেটে জিতেছে নুরুল হাসান সোহানের দল।

সোমবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে নিউজিল্যান্ডের দেওয়া ১৪৮ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে ২৭.২ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৪৯ রান তোলে বাংলাদেশ। দলের পক্ষে ওপেনার নাঈম শেখ ১৮, পারভেজ হোসেন ইমন ২৪ ও এনামুল হক বিজয় ৩৮ রান করে বিদায় নেন।

তবে মাহিদুল ইসলাম অঙ্কন ৪২ ও অধিনায়ক নুরুল হাসান সোহান অপরাজিত ২০ রান করে জয় নিয়ে মাঠ ছাড়েন।

এদিন প্রথমে ব্যাটিংয়ে নেমে নিউজিল্যান্ড ‘এ’ ৩৪.৩ ওভারে ১৪৭ রানে গুটিয়ে যায়। আটে নামা ফক্সক্রফট খেলেছেন সর্বোচ্চ ৭২ রানের ইনিংস। ব্যাটিংয়ে নেমে শুরুর দিকে অবশ্য ওপেনার মারিউ ছাড়া রান পাননি কেউই। মারিউ আউট হয়েছেন ৪২ রান করে। এছাড়া দলের হয়ে দুই অঙ্কের রান কেবলই ফক্সক্রফটের। নিউজিল্যান্ড ‘এ’ দলের হয়ে এদিন ডাক মেরে আউট হয়েছেন ৫ ব্যাটার।

শুরুর ১০ ওভারে ২১ রান তুলতেই ৪ উইকেট হারায় নিউজিল্যান্ড। ৫ম উইকেটে ৩৫ রানের একটা জুটি খানিক আশা দেখিয়েছিল তাদের। এরপর ফের নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে নিউজিল্যান্ড। ৮৫ রানে ৯ উইকেট পতনের পর ফক্সক্রফট এবং লিস্টারের জুটি থেকে এসেছে ৬২ রান।

নিউজিল্যান্ড দলকেও সফরের প্রথম ম্যাচে দিয়েছে বলার মতো সংগ্রহ। বাংলাদেশের হয়ে এদিন ৩টি করে উইকেট পেয়েছেন তানভির ইসলাম এবং খালেদ আহমেদ। ২ উইকেট আছে শরিফুল ইসলাম ও এবাদত হোসেনের। সিরিজের দ্বিতীয় ওয়ানডে একই মাঠে বুধবার মুখোমুখি হবে দুই দল।

Exit mobile version