এক ম্যাচ হাতে রেখেই আফগানদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতেছে বাংলাদেশ। এবার টাইগারদের লক্ষ্য আফগানিস্তানকে হোয়াইটওয়াশ করার। সেই লক্ষ্য নিয়ে তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে আফগানদের মুখোমুখি বাংলাদেশ। এ ম্যাচে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন অধিনায়ক জাকের আলী।
সংযুক্ত আরব আমিরাতের শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টা ৩০ মিনিটে। সিরিজের প্রথম দুই ম্যাচ যথাক্রমে ৪ এবং ২ উইকেটে জিতে ২-০ ব্যবধানে এগিয়ে থেকে ইতোমধ্যে আফগানিস্তানের বিপক্ষে সিরিজ জয় নিশ্চিত করেছে বাংলাদেশ।
শেষ ম্যাচে বাংলাদেশের একাদশে ফিরেছেন তানজিম হাসান সাকিব। বাদ পড়েছেন অভিজ্ঞ বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমান। সিরিজের প্রথম ম্যাচে ৩৪ রান দিয়ে ২ উইকেট নিয়েছিলেন তানজিম। দ্বিতীয় ম্যাচে তাকে বসিয়ে রাখে দল। ডাক পান পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফ উদ্দিন। চলতি বছর মুস্তাফিজকে একাদশের বাইরে রেখে খেলা ৮ টি-টোয়েন্টি ম্যাচের ৭টিই হেরেছে বাংলাদেশ। পরিত্যক্ত হয়েছে অন্য ম্যাচ।
আফগান শিবিরে অভিষেক হয়েছে বাশিরের। আগের ম্যাচে বল হাতে নিজেকে মেলে ধরতে না পারা নুর আহমাদ এবার বাদ পড়লেন। বাঁহাতি রিস্ট স্পিনারের জায়গায় আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হচ্ছে বাশির আহমাদের। ২০ বছর বয়সী বাঁহাতি পেসার বাশির এখন পর্যন্ত ১৪টি স্বীকৃত টি-টোয়েন্টি খেলে ১২ উইকেট নিয়েছেন।
বাংলাদেশ একাদশ: জাকের আলি (অধিনায়ক), তানজিদ হাসান, পারভেজ হোসেন, সাইফ হাসান, নুরুল হাসান, শামীম হোসেন, মোহাম্মদ সাইফ উদ্দিন, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, শরিফুল ইসলাম, তানজিম হাসান।
আফগানিস্তান একাদশ: রাহমানউল্লাহ গুরবাজ, সেদিকউল্লাহ আতাল, ইব্রাহিম জাদরান, দারভিশ রাসুলি, ওয়াফিউল্লাহ তারাখিল, আজমাতউল্লাহ ওমারজাই, মোহাম্মাদ নাবি, আবদুল্লাহ আহমাদজাই, বাশির আহমাদ, রাশিদ খান (অধিনায়ক), মুজিব উর রাহমান।
