প্রথম ম্যাচে জয়ের পর মিরপুরের স্পিন উইকেটে স্পিন শক্তি আরও বৃদ্ধি করেছে বাংলাদেশ। বাংলাদেশের পর এবার দলে পরিবর্তন এনেছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (সিডব্লিউআই)। সিরিজের বাকি দুই ম্যাচের জন্য আরো দুই স্পিনারকে দলে আন্তর্ভুক্ত করেছে উইন্ডিজ টিম ম্যানেজমেন্ট।
সিরিজের প্রথম ম্যাচে মিরপুরে বাড়তি সুবিধা পেয়েছেন স্পিনাররা। পরের দুই ম্যাচেও একই ধরনের উইকেট হতে যাচ্ছে এটা অনেকটাই নিশ্চিত। এ কারণেই স্পিনে শক্তি বাড়াতে সিরিজের বাকি দুই ম্যাচের জন্য দলে ডাকা হয়েছে বাঁহাতি স্পিনার আকিল হোসেনকে। সব কিছু ঠিক থাকলে আজ রাতে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে আকিলের।
বিসিবি কর্মকর্তার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ক্রিকবাজ। তিনি বলেছেন, ‘আকিল আজ রাতে ঢাকায় পৌঁছাবেন এবং ওয়ানডে দলের সঙ্গে যোগ দেবেন।’ আকিল টি-টোয়েন্টিতে নিয়মিত হলেও সর্বশেষ ওয়ানডে খেলেছেন ২৮ মাস আগে। ২০২৩ সালে জুলাইয়ে হারারেতে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে খেলেছিলেন। ৩৮ ওয়ানডেতে ৪.৮৪ ইকোনমিতে ৫৭ উইকেট তার।
আকিলের পাশাপাশি রামন সিমন্ডসকেও ওয়ানডে দলে ডাকা হয়েছে। এই দুজনে স্কোয়াডে আসায় দুই পেসার জেডিয়া ব্লেডস ও শামার জোসেফকে দেশে ফেরত পাঠানো হচ্ছে। এর আগে বাংলাদেশও তাদের স্কোয়াডে পরিবর্তন এনেছে। স্পিনে শক্তি বাড়াতে নাসুমকে স্কোয়াডের সঙ্গে নতুন করে যুক্ত করা হয়েছে। বাঁহাতি এই স্পিনার ওয়ানডেতে ১৮ ম্যাচ খেলে শিকার করেছেন ১৬ উইকেট।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩
















