হংকংয়ের বিপক্ষে জয় দিয়ে এশিয়া কাপ শুরু করেছিল বাংলাদেশ। তবে গত শনিবার শ্রীলঙ্কার বিপক্ষে বড় ব্যবধানে হারের ফলে সুপার ফোরে খেলার সম্ভাবনা কঠিন হয়ে গেছে লিটন দাসদের।
তবুও আশাবাদী টাইগারদের স্পিন কোচ মুশতাক আহমেদ। আজ সংবাদ সম্মেলনে তিনি বলেন, “অবশ্যই, আপনাকে সেই বিশ্বাস রাখতে হবে। কোচ ও ম্যানেজমেন্ট বারবার সেটাই বলছে। আমারও এই বিশ্বাস আছে আমরা সুপার ফোরে যাব, ইনশাআল্লাহ।”
তিনি আরও যোগ করেন, “কাজটা কঠিন। যখন যদি–কিন্তুর ওপর নির্ভর করতে হয়, তখন সামনে থাকা ম্যাচে মনোযোগ দিতে হবে। সেটাই জিততে হবে। মানসিকভাবে দৃঢ় হলে এবং বিশ্বাস রাখলে এটা সম্ভব।”
আফগানিস্তানের বিপক্ষে চ্যালেঞ্জ নিয়েও কথা বলেন মুশতাক, “বড় চ্যালেঞ্জ ওদের স্পিন বিভাগ, বিশেষ করে মাঝের ওভারগুলোতে। যদি সেটা সামলাতে পারি এবং ভালো রান তুলতে পারি, তাহলে ওদের চাপে ফেলতে পারব। আমাদের বোলিংও কিন্তু দারুণ।”
ব্যাটারদের প্রতি আস্থা রেখে তিনি আরও বলেন, “আমি সব সময় বিশ্বাসের কথাই বলি। ইমরান খান, জাভেদ মিয়াদাদ, ওয়াসিম আকরামের সঙ্গে খেলেছি। তারা আমাকে শিখিয়েছেন—বিশ্বাস না থাকলে আন্তর্জাতিক ক্রিকেটে ভালো করা যায় না। ছেলেরা কঠোর পরিশ্রম করছে, মানসিকতা বদলাতে হবে। তামিম, ইমন, জাকের, শামীমরা চেষ্টা করছে। আমরা যেখানে ছিলাম, সেখান থেকে তো ১৩৯ রান করেছি। ভালো পেসার–স্পিনারও আছে আমাদের। বিশ্বাস রাখতে হবে।”
