পাকিস্তান দলের সঙ্গে বাংলাদেশ সফরে আছেন রমিজ রাজাও। ধারাভাষ্যে ব্যস্ত সময় কাটাচ্ছেন। পাশাপাশি নিজের ইউটিউব চ্যানেল রমিজ স্পিকস-এ কথা বলেছেন চলমান সিরিজের নানা দিক নিয়ে।
সফরে এক ম্যাচ হাতে রেখেই বাংলাদেশের বিপক্ষে ২-০তে সিরিজ হেরেছে পাকিস্তান। সিরিজ জয়ে বাংলাদেশের প্রশংসা করে রমিজ রাজা বলেন, ‘পাকিস্তান ম্যাচ হারল, সিরিজও হেরে গেল। বাংলাদেশকে অনেক অনেক শুভেচ্ছা। বাংলাদেশ আবারো পাকিস্তানকে শিখিয়ে দিলো যে কঠিন পিচে কীভাবে ব্যাটিং ও বোলিং করতে পারে। বাংলাদেশ শেষ দিকে অনেক ক্যাচ মিস করেছিল, চাপের মধ্যে এমন হতেই পারে। ফাহিম যদি আউট না হতো তাহলে পাকিস্তান জিততেও পারত। কিন্তু পাকিস্তান নিজেরাই নিজেদের জন্য ম্যাচ অনেক কঠিন করে ফেলেছে ১৫ রানে ৫ উইকেট হারিয়ে।’
জয়ের মূলমন্ত্র হিসেবে দলীয় আত্মবিশ্বাসকে বড় করে দেখছেন রমিজ রাজা। এ ছাড়া আলাদা করে প্রশংসা করেছেন জাকের আলীর লড়াকু ইনিংসের। তার মতে, ‘পাকিস্তান ঘরের মাঠে ৩-০ এ সিরিজ জিতে এসে ফেবারিট ছিল এই সিরিজে। কিন্তু বাংলাদেশকে কৃতিত্ব দিতেই হবে কারণ তাদের সমর্থক দিয়ে গ্যালারি ভরা ছিল, তাদের স্পিরিট ছিল অনেক বেশি। ব্যাটিংয়েও তারা অনেক ভালো করেছে। বিশেষ করে জাকের আলী দারুণ খেলেছে। সবমিলিয়ে বাংলাদেশের পারফরম্যান্স অনেক ভালো ছিল।’
পাকিস্তান দলের দুর্বলতা নিয়ে তিনি বলেন,‘পাকিস্তানের একজন স্পেশালিস্ট স্পিনারও ছিল না। আর এটা বড় একটা ঘাটতি। বাংলাদেশের রিশাদ মার খেলেও সে একজন রেগুলার বোলার-কঠিন পরিস্থিতিতে স্পেশালিস্ট বোলারদেরই দরকার হয়।’
রমিজ আরও বলেন, ‘পাকিস্তানকে বলব, এই হার থেকে শিখতে হবে। এগিয়ে যেতে হলে অনেক কিছুই করতে হয়। টেকনিক নিয়ে কাজ করতে হবে। শুধু বিগ হিটিং দিয়ে কাজ হবে না। কেমন উইকেটে কেমন শট খেলতে হবে, কখন বিগ হিটিং করতে হবে, আপনার ডিফেন্স কতটা শক্তিশালী, রানিং বিটুইন দ্য উইকেটের কী অবস্থা-সবকিছুই ঠিক করতে হবে পাকিস্তানকে। অনেক কিছু শেখার বাকি আছে, অনেক কিছু বুঝার বাকি আছে এবং সেই অনুযায়ী কাজ করা শেখাও বাকি।’
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩

















