বার্সেলোনায় যাচ্ছেন ইংলিশ ফরোয়ার্ড রাশফোর্ড

ট্রান্সফার উইন্ডো

মার্কাস রাশফোর্ডকে ঘিরে চলা দীর্ঘদিনের গুঞ্জন এবার শেষ পর্যায়ে। ইংলিশ ফরোয়ার্ডকে এক মৌসুমের জন্য ধারে দলে টানার প্রস্তাবে সম্মতি দিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। পাশাপাশি, চুক্তিতে থাকছে স্থায়ীভাবে কিনে নেওয়ার অপশনও। দুই ক্লাবের আলোচনার চূড়ান্ত ধাপ শেষ হলেই মেডিকেল টেস্টের জন্য বার্সেলোনায় যাবেন রাশফোর্ড।

‘দ্য অ্যাথলেটিক’-এর খবরে জানা গেছে, বার্সেলোনার নতুন কোচ হান্সি ফ্লিক রাশফোর্ডের সঙ্গে সরাসরি সাক্ষাৎ করেছেন এবং তাকে দলে পেতে সবুজ সংকেত দিয়েছেন। কাতালান ক্লাবটি দীর্ঘদিন ধরে বাম উইংয়ে আক্রমণভাগে কার্যকর খেলোয়াড়ের সন্ধানে ছিল। রাশফোর্ডকে সেই শূন্যস্থান পূরণের জন্য আদর্শ মনে করা হচ্ছে। অর্থনৈতিক অনিশ্চয়তার সময় ধারের এই ডিল বার্সার জন্য পারফেক্ট অপশন বলেও ধরা হচ্ছে।

ম্যানইউতে কোচ রুবেন আমোরিমের অধীনে খুব বেশি সুযোগ পাননি রাশফোর্ড। চলতি বছরের জানুয়ারিতে অ্যাস্টন ভিলায় ধারে খেলতে গিয়ে ১৭ ম্যাচে মাঠে নেমে কিছুটা ছন্দ ফিরে পেয়েছিলেন। তবে ইউনাইটেডে ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়ায় এবার স্থায়ীভাবে ক্লাব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

ইংলিশ ফরোয়ার্ডের বিদায়ের পর আরও কয়েকজন খেলোয়াড়কে ছাড়ার চিন্তা করছে ম্যানচেস্টার ইউনাইটেড। এই তালিকায় আছেন জাদোন সাঞ্চো, অ্যান্টনি ও আলেহান্দ্রো গারনাচোর মতো ফুটবলাররা।

বার্সেলোনায় রাশফোর্ডের এই নতুন যাত্রা কতটা সফল হয়, সেটাই এখন দেখার অপেক্ষা। তবে তার এই দলবদলে ম্যানইউতে রাশফোর্ড অধ্যায়ের ইতি টানাটা পুরোপুরিই নিশ্চিত হয়ে গেছে।

Exit mobile version