টেস্টের পর এবার শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে আজ বুধবার (২ জুলাই) মাঠে নামবে দুই দল। এই সিরিজ দিয়ে দীর্ঘ ২০ বছর পঞ্চপাণ্ডবের কোনো সদস্য ছাড়াই ওয়ানডে খেলতে নামছে বাংলাদেশ। সবশেষ চ্যাম্পিয়ন্স ট্রফির পর অবসরের ঘোষণা দিয়েছেন মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদ।
সবশেষ মাহমুদউল্লাহ রিয়াদ ও মুশফিকুর রহিম-ই ছিলেন। চ্যাম্পিয়ন্স ট্রফির পর মাহমুদউল্লাহ ও মুশফিকও অবসরের ঘোষণা দিয়ে দেন। আর বাকি তিনজন- মাশরাফি, তামিম ও সাকিব তো নেই আগে থেকেই। আর তাতেই শেষ হয়ে যায় বাংলাদেশের ক্রিকেটে পঞ্চপাণ্ডব অধ্যায়।
বুধবার কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষে বিকেল তিনটায় সিরিজের প্রথম ওয়ানডে খেলতে নামবে বাংলাদেশ। তবে মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদের জায়গায় কারা খেলবেন, তা নিয়ে রয়েছে ধোঁয়াশা। কিন্তু ওয়ানডে দলের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ জানিয়েছেন, সিনিয়র দুই ক্রিকেটারের জায়গায় খেলতে পারেন তিনি নিজেই এবং লিটন দাস।
সব কিছু ঠিক থাকলে শ্রীলঙ্কার বিপক্ষে ৪ নম্বরে ব্যাট করতে দেখা যেতে পারে লিটনকে। আর ছয় নম্বরে মিরাজকে। ব্যাটিং পজিশন নিয়ে খোলাসা না করলেও এমনটাই ইঙ্গিত দিয়েছেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক। এই দুটো পজিশনকে দলের জন্য গুরুত্বপূর্ণ মনে করছেন মিরাজ।
তিনি বলেন, ‘দেখেন, এর আগে বলেছি; আমরা যখন চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে এসেছি, ওডিআই খেলেনি এবং দুইটা গুরুত্বপূর্ণ জায়গা কিন্তু চলে গিয়েছে। তারা অবসর নিয়ে নিয়েছে, তারা অনেক গুরুত্বপূর্ণ খেলোয়াড় ছিলো দলের জন্য। দুইটা জায়গা অনেক মূল্যবান দলের জন্য আমার কাছে মনে হয়। আমরা চেষ্টা করবো যারা অভিজ্ঞ খেলোয়াড় তারা যেন ওই জায়গাটা নিতে পারে। অধিনায়ক হিসেবে আমার কাছে মনে হয় দুইটা জায়গার একটা জায়গা আমি ব্যাটিং করতে পারি। আরেকটা জায়গা হয়তো লিটন দাসকে খেলাতে পারি। কারণ আপনি দেখেন যে, ওখান থেকেই কিন্তু খেলাটাকে বানাতে হয়।’
এছাড়া মিরাজ বলেছেন, ‘দেখেন, আপনি যেটা বললেন, সিনিয়র কোনো প্লেয়ারই নেই। এটা তো আমি এর আগেও বলেছি, অবশ্যই আমাদের কিছু সিনিয়র খেলোয়াড় থাকলে ভালো লাগতো। যেহেতু নেই তারা, তাদের জায়গায় কারা আসবে, সেটা নিয়ে আমরা পরিকল্পনা করছি।’
