অস্ট্রেলিয়ার জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি টুর্নামেন্ট বিগ ব্যাশ লিগে (বিবিএল) অবশেষে প্রথমবার মাঠে নামার সুযোগ পাচ্ছেন বাংলাদেশের লেগস্পিনার রিশাদ হোসেন। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হোবার্ট হারিকেন্স দ্বিতীয়বারের মতো তাকে দলে রাখলেও এবার আর কোনো বাধা নেই—রিশাদ মাঠে নামতে প্রস্তুত।
বিগ ব্যাশের ১৫তম আসরের সূচি অনুযায়ী, রিশাদের হোবার্ট হারিকেন্স তাদের প্রথম ম্যাচ খেলবে ১৬ ডিসেম্বর, সিডনি থান্ডারের বিপক্ষে। এরপর যথাক্রমে ১৮, ২১, ২৬ ও ২৯ ডিসেম্বর এবং ১, ৩, ৯, ১১ ও ১৪ জানুয়ারিতে রিশাদদের ম্যাচ রয়েছে।
গ্রুপ পর্ব চলবে ১৮ জানুয়ারি পর্যন্ত, এরপর শুরু হবে প্লে-অফ: কোয়ালিফায়ার (২০ জানুয়ারি), নকআউট (২১ জানুয়ারি), চ্যালেঞ্জার (২৩ জানুয়ারি) এবং জমজমাট ফাইনাল হবে ২৫ জানুয়ারি।
২০২৩-২৪ মৌসুমে হোবার্টের স্কোয়াডে ডাক পেলেও বিপিএলের সূচির সঙ্গে সংঘর্ষ ও এনওসি সমস্যার কারণে খেলার সুযোগ হারান রিশাদ। এবারের ভিন্ন পরিস্থিতিতে সেই হতাশা কাটিয়ে নিজেকে প্রমাণের বড় মঞ্চ পাচ্ছেন তিনি।
বাংলাদেশের হয়ে এর আগে একমাত্র সাকিব আল হাসানই বিগ ব্যাশে খেলেছেন। এবার দ্বিতীয় বাংলাদেশি হিসেবে সেই তালিকায় যুক্ত হতে যাচ্ছেন রিশাদ, যিনি ইতোমধ্যেই জাতীয় দলের হয়ে টি-টোয়েন্টি ক্রিকেটে নিজের ছাপ রাখছেন।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩

















