বিসিবির বোর্ড সভা ৯ আগস্ট, অনলাইনে যুক্ত থাকবেন সভাপতি বুলবুল

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরবর্তী বোর্ড সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ৯ আগস্ট (শনিবার)। দুপুর ৩টায় মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে বিসিবি ভবনে এই সভায় সরাসরি অংশ নেবেন বোর্ড পরিচালকরা। তবে পরিবারের সঙ্গে সময় কাটাতে বর্তমানে অস্ট্রেলিয়ায় অবস্থান করা সভাপতি আমিনুল ইসলাম বুলবুল যুক্ত থাকবেন অনলাইনে।

গত মে মাসে বিসিবির সভাপতির দায়িত্ব নেন সাবেক অধিনায়ক বুলবুল। দায়িত্ব নেওয়ার পর থেকেই বোর্ডের নানা কার্যক্রমে সক্রিয় রয়েছেন তিনি। যদিও বর্তমানে দেশের বাইরে থাকায় “সভায় ভার্চ্যুয়ালি অংশ নেবেন” বলে জানা গেছে।

এ ছাড়া দেশের বাইরে থাকা আরেক পরিচালক ফাহিম সিনহাও সভায় যুক্ত হবেন অনলাইনে।

সভায় মূলত বিপিএলের ম্যানেজমেন্ট সিস্টেম নিয়ে বিস্তারিত আলোচনা হবে। সেই সঙ্গে জাতীয় দলের পারফরম্যান্স, আসন্ন এশিয়া কাপ ও নেদারল্যান্ডস সিরিজের প্রস্তুতি, ঘরোয়া টুর্নামেন্টের কাঠামো এবং ক্রিকেটারদের উন্নয়নমূলক দিক নিয়েও আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।

এদিকে গতকাল থেকেই শুরু হয়েছে জাতীয় দলের এশিয়া কাপকে সামনে রেখে অনুশীলন ক্যাম্প। প্রথমদিকে ফিটনেসে জোর দিয়ে ক্যাম্প পরিচালনা করছেন ট্রেনার নাথান কেলি। “শুরুর কয়েক দিন থাকবে ফিটনেসের ওপর বাড়তি নজর”, জানিয়েছে বোর্ড সূত্র।

এই ক্যাম্প চলবে ১৫ আগস্ট পর্যন্ত। এরপর ২০ আগস্ট থেকে সিলেটে শুরু হবে দ্বিতীয় ধাপের প্রস্তুতি। এর মাঝেই ৩০ আগস্ট থেকে নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ আয়োজন করেছে বিসিবি। ফলে বোর্ড সভায় এই সিরিজ নিয়েও বিস্তারিত আলোচনা হতে পারে।

Exit mobile version