তার বয়স ৩৮। আন্তর্জাতিককে বিদায় জানিয়েছেন বেশ আগেই। আর আইপিএলে তার পরিচয় এখন ব্যাটিং কোচ। এই পড়ন্ত বেলায় এসেও যেন কাইরন পোলার্ডের ব্যাটে মধ্যগগণের তেজ। বুড়ো পোলার্ডের ঝড়ো ফিফটির পরও হারলো তার দল । এবারের ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) বিধ্বংসী ব্যাটিংয়ের ধারাবাহিকতায় অভিজ্ঞ ক্রিকেটার উপহার দিলেন আরও একটি ঝড়ো ফিফটি, যেখানে তিনি ছাড়িয়ে গেলেন নিজেকেই।
বাংলাদেশ সময় রোববার সকালে ত্রিনবাগো নাইট রাইডার্সের হয়ে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের বিপক্ষে ১৮ বলে ৫৪ রানের অপরাজিত ইনিংস খেলেন পোলার্ড। ৫টি করে ছক্কা ও চারের ইনিংসেটিতে পঞ্চাশে পা রাখেন তিনি ১৭ বলে। সিপিএলে ১৩ মৌসুমে পোলার্ডের দ্রুততম ফিফটি এটিই। আগেরটি ছিল এই দলের হয়েই গত বছর সেন্ট লুসিয়া কিংসের বিপক্ষে ১৯ বলে।
সিপিএলের চেয়ে কম বলে ফিফটি অবশ্য তার আছে আরও। ২০১২ সালে ত্রিনিদাদ অ্যান্ড টোব্যাগোর হয়ে ১৪ বলে ফিফটি করেছিলেন তিনি ক্যারিবিয়ান টি-টোয়েন্টিতে। এছাড়াও ২০২১ আইপিএলে ১৭ বলে ফিফটি করেন মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে। ত্রিনিদাদ অ্যান্ড টোব্যাগোর হয়েই ২০০৯ চ্যাম্পিয়ন্স লিগে ফিফটি করেছিলেন ১৮ বলে।
এমন ঝড়ো ফিফটি ক্যারিয়ারজুড়ে নানা সময়েই তো করেছেন। এই গোধূলি বেলায় এসেও ঠিকই জ্বলে উঠছেন বারবার। গায়ানায় এই ম্যাচে পোলার্ড ক্রিজে যাওয়ার আগ পর্যন্ত ধুঁকছিল ত্রিনবাগো। ড্যারেন ব্রাভো যখন ৩৫ বলে ৩৩ রান করে আউট হন, ১৬তম ওভারে তখন স্রেফ ৯৫ রান দলের। ৩৪ বলে ২৯ রান করা কেসি কার্টিকে তুলে নিতে বাধ্য হয় দল (রিটায়ার্ড আউট)।
পোলার্ড নেমেই ঝড় তুলে পাল্টে দেন চিত্র। ফিফটি অবশ্য তার পরও বেশ দূরের পথই মনে হচ্ছিল। শেষ ওভার শুরুর সময় রান ছিল তার ৩৪। স্ট্রাইকেও ছিলেন না তিনি। রোমারিও শেফার্ডের করা ওভারের প্রথম বলে সিঙ্গল নিলেন আন্দ্রে রাসেল। পোলার্ড স্ট্রাইক পেয়ে পারলেন না রান নিতে। পঞ্চাশ ছোঁয়া তখন আরও কঠিন। কিন্তু পরের দুই বলেই তিনি মেরে দিলেন দুটি ছক্কা। এরপর বাউন্ডারি মেরে পৌঁছে গেলেন মাইলফলকে।
শেষ নয় সেখানেই। ওভার শেষ করলেন আরেকটি বাউন্ডারিতে। শেষ চার বলেই ২০ রান! সিপিএলের গত তিন আসর মিলিয়ে ৩০ ইনিংসে তার ফিফটি ছিল স্রেফ একটি। এবার আট ইনিংসেই পঞ্চাশ ছুঁলেন তিন দফায়। ১৮ বলে ৫৪ রানের এই ইনিংসের আগে গত সোমবার ৮ ছক্কায় করেছেন ২৯ বলে ৬৫। আগেও আরেকটি ইনিংস আছে ঠিক ২৯ বলেই ৬৫ রানের।
চলতি আসরে তার রান এখন ৭২.৭৫ গড়ে ২৯১। স্ট্রাইক রেট ১৮৫.৩৫। রানের তালিকায় এখন তিনি চারে। তবে টুর্নামেন্টে অন্তত ১৩০ রান করা ২২ ব্যাটসম্যানের মধ্যে তার স্ট্রাইক রেটই সর্বোচ্চ। পোলার্ডের সৌজন্যে এ দিন শেষ ৪ ওভারে ৬৭ রান তুলতে পারে ত্রিনবাগো। তবে ২০ ওভারে ১৬৭ রানের পুঁজি নিয়ে লড়াই করলেও ম্যাচ জিততে পারেনি তারা। গায়ানা ম্যাচ জিতে যায় তিন উইকেটে।
গায়ানার হয়ে শেই হোপ করেন ৪৬ বলে ৫৩, শিমরন হেটমায়ার ৩০ বল ৪৯। শেষ দিকে তিন ছক্কায় ১৪ বলে অপরাজিত ২৬ করে ব্যবধান গড়ে দেন ডোয়াইন প্রিটোরিয়াস।
