একসময় ব্যালন ডি’অরের সংক্ষিপ্ত তালিকা মানেই ক্রিস্টিয়ানো রোনালদোর নাম থাকত অবধারিতভাবে। তবে সময়ের পরিক্রমায় সেই দৃশ্য এখন অতীত। টানা দ্বিতীয় বছর বর্ষসেরা ফুটবলারের জন্য মনোনীত ৩০ জনের তালিকায় নেই এই পর্তুগিজ কিংবদন্তি। আর তাতেই যেন পুরস্কারটির প্রতি আস্থা হারিয়েছেন সিআর সেভেন।
ফুটবল ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ পাঁচবার ব্যালন ডি’অর জেতা রোনালদো এবার মনোনয়ন না পাওয়ার পর ‘স্পোর্ট টিভি পর্তুগাল’-কে বলেন, “এটা আমার কাছে মনগড়া লাগে।” এ মন্তব্যের মাধ্যমে ব্যালন ডি’অরের প্রতি নিজের হতাশা প্রকাশ করেন তিনি।
আল নাসরের হয়ে গতকাল রিও আভেকে ৪-০ গোলে হারানো ম্যাচে হ্যাটট্রিক করার পর এই মন্তব্য করেন রোনালদো। যদিও এবার কেবল তিনিই নন, সর্বোচ্চ আটবার ব্যালন ডি’অর জয়ী লিওনেল মেসিও নেই মনোনীতদের তালিকায়।
এটি প্রথমবার নয়, এর আগেও ব্যালন ডি’অর কর্তৃপক্ষকে নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন রোনালদো। গত বছর ম্যানচেস্টার সিটির স্প্যানিশ মিডফিল্ডার রদ্রির পুরস্কার জয়ের পর তিনি বলেছিলেন, “কোনো বিশ্বাসযোগ্যতা নেই। পুরস্কারটি ভিনিসিয়ুসের জেতা উচিত ছিল। অনেকবার আমার এটাই মনে হয়েছে এবং রাগ লেগেছে।”
রোনালদো প্রথমবার ব্যালন ডি’অরের মনোনয়ন পান ২০০৪ সালে, আর মেসি ২০০৬ সালে। তবে দীর্ঘ ২২ বছর পর দ্বিতীয়বারের মতো মনোনীতদের বাইরে রইলেন দুই মহাতারকা।
মনোনয়ন না পেলেও ২০২৪-২৫ মৌসুম রোনালদোর জন্য ব্যর্থ ছিল না। আল নাসরের হয়ে ৩৫ গোলের পাশাপাশি পর্তুগালের হয়ে ৮ গোল করেছেন এবং জিতেছেন নেশনস লিগ শিরোপা।
আগামী ২২ সেপ্টেম্বর প্যারিসে অনুষ্ঠিত হবে ব্যালন ডি’অরের পুরস্কার বিতরণী, তবে সেখানে সিআর সেভেন থাকবেন কেবল দর্শকের ভূমিকায়।
