ভারতের খেলোয়াড়সুলভ আচরণের অভাব ছিল-নাকভি । এশিয়া কাপের হাইভোল্টেজ ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে উড়িয়ে দিয়েছে ভারত। রোববার রাতে দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে পাকিস্তানের দেয়া ১২৮ রানের মামুলি লক্ষ্য ভারত ৭ উইকেট ও ২৫ বল হাতে রেখেই টপকে গেছে। তবে ম্যাচের ফল ছাপিয়ে গেছে অন্য ঘটনা। ম্যাচ শেষে পাকিস্তানের খেলোয়াড়দের সঙ্গে করমর্দনে অস্বীকৃতি জানিয়েছে ভারতীয়রা।
এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এএসসি) সভাপতি ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মোহসিন নাকভি ভারতীয় খেলোয়াড়দের পাকিস্তানি ক্রিকেটারদের সঙ্গে করমর্দন এড়িয়ে যাওয়ায় হতাশা প্রকাশ করেছেন। নাকভি সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ অসন্তোষ জানিয়ে লেখেন, ‘আজকের খেলায় খেলোয়াড়সুলভ আচরণের অভাব দেখে ভীষণ হতাশ হলাম। খেলায় রাজনীতি টেনে আনা খেলাধুলার মূল চেতনার পরিপন্থী। আশা করি ভবিষ্যতে জয়গুলো সব দলই সৌজন্যের সঙ্গে উদযাপন করবে।’
এদিন ১৬তম ওভারে ছক্কা মেরে জয় নিশ্চিত করে ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদব সরাসরি ড্রেসিংরুমের পথে হাঁটেন। ডাগআউটে নিজেদের সতীর্থদের সঙ্গে করমর্দন করলেও পাকিস্তানি খেলোয়াড়দের সঙ্গে কোনো আলাপ বা করমর্দন হয়নি। অন্যদিকে, সবুজ জার্সিধারীরাও নিজেদের মধ্যে করমর্দন সেরে মাঠ ছাড়েন।
