এশিয়া কাপে সুপার ফোরের গুরুত্বপূর্ণ ম্যাচে ভারতের বিপক্ষে বুধবার (২৪ সেপ্টেম্বর) ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। তবে তার আগের দিনও অধিনায়ক লিটন দাসকে নিয়ে কাটেনি দুশ্চিন্তা। শ্রীলঙ্কাকে হারিয়ে সুপার ফোরের যাত্রা শুরু করেছে বাংলাদেশ।
টাইগারদের এবারের মিশন ভারত। তার আগে নিজেদের প্রস্তুত করে তুলতে অনুশীলনে নেমেছিল লাল সবুজরা। সোমবার (২২ সেপ্টেম্বর) সেখান থেকেই আসে দুঃসংবাদ। আইসিসি একাডেমি গ্রাউন্ডের নেটে ব্যাটিং অনুশীলন করার সময় কোমারে ব্যথা পান তিনি। দলের চিকিৎসক বায়জিদ উল ইসলাম সেখানে তাকে প্রাথমিক চিকিৎসা দেন এবং ব্যথার অবস্থা পরীক্ষা করেন। এরপরই অনুশীলন ছেড়ে উঠে যান লিটন।
পরিস্থিতি খুব বেশি খারাপ মনে না হলেও, এখনো শঙ্কা কাটেনি লিটনের। ক্রিকবাজকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) একজন কর্মকর্তা বলেছেন, ‘লিটনকে আজকে আমরা দেখব, কারণ বাইরে থেকে তাকে ঠিকঠাক মনে হয়েছে। কিন্তু সে একাদশে থাকবে কিনা সেটা নিশ্চিত হওয়ার জন্য আমাদের মেডিকেল পরীক্ষার প্রয়োজন।’
অনুশীলনে কোমরের সে ব্যথা ছাড়া লিটনের অবশ্য বড় কোনো সমস্যা নেই। তবে ভারতের বিপক্ষে তাকে না পাওয়া গেলে সেটা বড় ক্ষতিই হবে লাল সবুজদের জন্য। তিনি একাদশে না থাকলে ভারত ম্যাচে কে নেতৃত্ব দেবেন সেটাও নিশ্চিত নয়। কারণ এবারের আসরে লিটনের সহকারী হিসেবে কারও নাম প্রকাশ করেনি বিসিবি। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় ভারতের মুখোমুখি হবে লাল সবুজরা।
