ভারত ও ইংল্যান্ডের মধ্যকার দ্বিতীয় টেস্টের পঞ্চম দিনে এজবাস্টনে মূখ্য ভূমিকা নিচ্ছে প্রকৃতি। সকাল থেকেই বার্মিংহামে টানা বৃষ্টিতে খেলা শুরুই করা যাচ্ছে না। ফলে ভারতের সিরিজে ফেরার পথে বড় বাধা হয়ে দেখা দিয়েছে বৃষ্টি।
প্রথম চারদিন কোনো বাধা ছাড়াই খেলা চললেও, পঞ্চম দিনে এসে আবহাওয়ার মারাত্মক বাঁধায় প্রথম সেশন পুরোপুরি ভেসে যেতে পারে বলে আশংকা জানিয়েছে ব্রিটিশ মিডিয়া। স্পোর্টস টাক-এর প্রতিবেদন অনুযায়ী, বৃষ্টি থামার কোনও লক্ষণ আপাতত দেখা যাচ্ছে না।
জয় থেকে মাত্র কয়েক ধাপ দূরে ভারতঃ
ইংল্যান্ডের সামনে লক্ষ্য ৫৩৬ রান। চতুর্থ দিন শেষে তাদের সংগ্রহ ছিলো ৩ উইকেটে ৭২ রান। এই পরিস্থিতিতে ভারতের জয় সময়ের ব্যাপার মনে করা হচ্ছিলো।
এই বৃষ্টি ইংল্যান্ডের জন্য স্বস্তির খবর হতে পারে ঠিকই, কিন্তু শুভমান গিলের নেতৃত্বাধীন ভারতীয় দল যে হতাশ, তা বলাই বাহুল্য। কারণ, এজবাস্টনে এটাই হতে পারতো ভারতের প্রথম টেস্ট জয়।
আশায় বুক বেঁধেছে ভারতীয় শিবিরঃ
এখন সবকিছু নির্ভর করছে বার্মিংহামের আবহাওয়ার ওপর। যদি বৃষ্টি থামে এবং অন্তত দ্বিতীয় ও তৃতীয় সেশন খেলা সম্ভব হয়, তাহলে এখনও ভারত ম্যাচ শেষ করে জয় তুলে নেওয়ার সুযোগ পেতে পারে।
তবে যদি আবহাওয়া পুরোদিন এমনই থাকে, তাহলে ড্রই হতে পারে এই রোমাঞ্চকর টেস্ট ম্যাচের পরিণতি। যা ভারতীয় শিবির ও সমর্থকদের জন্য হবে চরম হতাশার।
