ভেবে ছিলাম টিভির সমস্যা, পরে দেখি পিচই কালো-আকিল

ভেবে ছিলাম টিভির সমস্যা, পরে দেখি পিচই কালো-আকিল

ক্রিকেট দুনিয়ায় আলোচিত উইকেটের নাম মিরপুরের উইকেট! তবে এবার সেই আলোচনায় নতুন মাত্রা যোগ করলেন ক্যারিবিয়ানর স্পিনার আকিল হোসেন। টিভিতে প্রথমবার মিরপুরের উইকেট দেখে ওয়েস্ট ইন্ডিজের স্পিনার মনে করেছিলেন, তার টিভিতেই বুঝি সমস্যা! এই কালো উইকেটে দ্বিতীয় ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজের জয়ের নায়ক ম্যাচের পর সংবাদ সম্মেলনে হাসতে হাসতে মিরপুরের কালো উইকেট নিয়ে নিজের ভ্রান্তির কথা বললেন বাঁহাতি এই স্পিনার।

তিনি বলেন,‘যখন টিভি অন করলাম, প্রথম যে কাজটি করলাম, তা হলো টিভি পরীক্ষা করে দেখা, কারণ মনে হচ্ছিল টিভিতেই বুঝি সমস্যা! পর্দা একদম কালো, মনে হচ্ছিল কোথাও সমস্যা হয়েছে-হয়তো রঙ চলে গেছে বা কিছু একটা গোলমেলে। পরে বুঝলাম, পিচটাই এমন কালো।’

গত মাসে শারজাহতে নেপালের বিপক্ষে ম্যাচ খেলে দেশে ফিরেছিলেন আকিল। বাংলাদেশ সফরের টি-টোয়েন্টি দলে ছিলেন, কিন্তু ওয়ানডে স্কোয়াডে ছিলেন না। কিন্তু শেষ দুই ওয়ানডের জন্য জরুরি ভিত্তিতে ডাক পান।

দীর্ঘ ভ্রমণ শেষে ভোর চারটায় ঢাকায় পৌঁছান তিনি। ক্লান্ত শরীর নিয়েই খেলতে নেমে দলের জয়ে বড় ভূমিকা রাখেন। তিনি বলেন,‘রাত চারটায় হোটেলে পৌঁছেছি। কিন্তু এটাই কাজের অংশ। একবার যখন কোনো কিছুর প্রতি প্রতিশ্রুতিবদ্ধ হই, তখন অজুহাত চলে না-শতভাগ দিতে হয়। প্রায় নষ্টই করে ফেলেছিলাম ম্যাচটা, কিন্তু শেষ পর্যন্ত দলকে জিতিয়ে আনতে পেরেছি, এটাই বড় স্বস্তি।’

Exit mobile version